'প্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ রুমা।
ফারাহ রুমা।

ফারাহ রুমা। অভিনেত্রী। আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে তাঁর অভিনীত কাক নাটকটি। পরিচালনা করেছেন গিয়াসউদ্দীন সেলিম।
কাক...
অনেক দিন পরে গিয়াসউদ্দীন সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করলাম। কাক নাটকের গল্পটি খুবই সুন্দর। শুরুতে মনে হবে কোনো রহস্য গল্পনির্ভর নাটক। কিন্তু নাটকটিতে একটা বার্তা আছে। আমি অভিনয় করি এক মফস্বলের মেয়ের চরিত্রে। যার বিয়ে হয়, তারপর শহরে আসে। শহরে সে থাকে একটা বাসায়, যে বাসার সামনে একটা ডাস্টবিন। মফস্বলের মুক্ত পরিবেশের পুরোপুরি বিপরীত পরিবেশ। সেই পরিবেশে সে মানিয়ে নিতে পারে না। এদিকে বারান্দায় একটা কাক এসে জ্বালাতন করে।

ধারাবাহিকের খোঁজখবর...

গেল দুটো ঈদে অনেকগুলো এক ঘণ্টার নাটক করলাম। আনন্দের বিষয় হলো, এবার আমি অনেক প্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করতে পেরেছি। নাটকগুলোর গল্পও ছিল বেশ ভালো। এ কারণেই ধারাবাহিকে অভিনয় কমিয়ে দিয়েছিলাম। এখন কেবল একুশে টেলিভিশনে চার কন্যা ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।

সিনেমায় অভিনয়...

নারগিস আখতারের পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে অভিনয় করলাম। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। আমি খুব আশাবাদী, এটাই আমার প্রথম ছবি। আর এর গল্পটাও গতানুগতিক ধারার বাইরে। নায়কেরও যে নেতিবাচক দিক থাকতে পারে, তা এই ছবিতে দেখা যাবে। আর ছবিতে অভিনয় করে এর মজাটা বুঝেছি। যখন কাজ করেছি তখন ততটা বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তাই ঠিক করেছি, নাটকে অভিনয় কমিয়ে দিয়ে সিনেমায় বেশি মনোযোগী হব।

উপস্থাপনা...

আমি নিজেকে উপস্থাপক হিসেবে পরিচয় দিতে আগ্রহী নই। তবে এনটিভিতে ‘আমারও গাইতে ইচ্ছে হলো’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। অনুষ্ঠানটির সঙ্গে আমার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এক ধরনের দায়বদ্ধতাও কাজ করে। এরপর ভালো কোনো ভাবনার অনুষ্ঠান হলে উপস্থাপনা করতে পারি।

মাহফুজ রহমান