'প্রেমপত্র' নিয়ে প্রাকৃতজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে নাট্য আন্দোলনে যুক্ত হয়েছে নতুন আরেকটি নাটকের দল। ‘প্রেমপত্র’ নাটক মঞ্চায়নের মাধ্যমে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করল ‘প্রাকৃতজন’। গত বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুইদিন ‘প্রেমপত্র’ নাটকটির মঞ্চায়ন হয়েছে শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। এর আগে দলটি বগুড়ায় নাট্যচর্চা করত।
ভৈকম মুহম্মদ বশীরের গল্প অবলম্বনে ‘প্রেমপত্র’-এর নাট্যরূপ দিয়েছেন শ্যামল ভট্টাচার্য। প্রয়োগ ভাবনায় সেলিম রেজা সেন্টু। প্রথম দুটি প্রদর্শনীতে দর্শকের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।
সাধারণ বিষয়কে অসাধারণ করে এগিয়ে নেওয়ার চেষ্টা ছিল এই নাটকে। হৃদয়ের গল্প নিয়ে এই নাটকে ‘রিচার্ড’ ও ‘তটিনী’ এগিয়ে যায় সমাজের চেনা কিন্তু অসংলগ্ন কিছু বাধা পেরিয়ে। এ বাধাগুলো অবশ্য নতুন কিছু নয়। ধর্মীয় গোঁড়ামি, সামাজিক প্রথার মতো চেনা ও প্রচলিত সব বাধা! নাটকের গল্পে এসব প্রথার ভেঙে এগিয়ে যাওয়া ‘রিচার্ড’ ও ‘তটিনী’ নিজেদের প্রমাণ করে অগ্রসর মানুষ হিসেবে। এ নাটকে নাট্যকার বলতে চেয়েছেন, ওরা খুব সাধারণ, তারপরও ওদের হৃদয়ে লুকিয়ে আছে অসাধারণ মূল্যবোধ।
‘প্রেমপত্র’ নাটকটিতে ‘রিচার্ড’ চরিত্রে অভিনয় করেছেন সেলিম রেজা, তটিনীর চরিত্রে অভিনয় করেছেন ফারজানা করিম ও সূত্রধরদের চরিত্রে অভিনয় করেছেন রাফায়েল আহসান এবং ফরহাদ হোসেন।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে সেলিম রেজা বলেন, ঢাকায় নাটকটির প্রদর্শনীতে বেশ ভালো সাড়া মিলেছে। তাই আমরা ঢাকাতে নিয়মিত প্রদর্শনীর পরিকল্পনা করেছি। এর পাশাপাশি নতুন নাটক নিয়েও কাজ করব।’ তিনি জানান, এর আগে বগুড়ায় তাঁরা ১২ বছর নিয়মিত নাট্যচর্চা করেছেন। ঢাকার মঞ্চে এবার তাঁদের দলটির অভিষেক হলো।
প্রেমপত্রের মঞ্চ ও আলোর কাজ করেছেন ফয়েজ জহির। নাটকটির সংগীত পরিকল্পনা ফারজানা করিমের এবং পোশাক পরিকল্পনায় ছিলেন রাফায়েল আহসান।