'প্রেমের প্রকৃত সংজ্ঞা এখন বুঝেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এ প্রজন্মের সুপারস্টার তিনি। কিন্তু নিজেকে শুধু একজন তারকা বলে মনে করেন বরুণ ধাওয়ান। চেনা বরুণকে এবার এক অচেনা চরিত্রে দেখা যাবে। আগামীকাল ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সুজিত সরকারের ছবি অক্টোবর। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক সাধারণ হোটেলকর্মী ‘ড্যান’-এর চরিত্রে। রোববার দুপুরে হোটেল নভোটেলে বরুণ ধাওয়ানের সঙ্গে এক আড্ডায় প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।
অক্টোবর ছবিতে বরুণ ধাওয়ান
অক্টোবর ছবিতে বরুণ ধাওয়ান

প্রশ্ন: অক্টোবর ছবির জন্য এই প্রথম সাংবাদিকের সামনে এলেন। কোথাও কি মনে হচ্ছে ছবির প্রচারণা সে রকম জোরদার হচ্ছে না?
বরুণ ধাওয়ান: দাদা, মানে সুজিতদা চাননি অক্টোবর-এর সেভাবে প্রচার করতে। আমি শুরুতেই দাদাকে এবং প্রযোজক সংস্থাকে জিজ্ঞেস করেছিলাম, ছবি প্রচারণার জন্য কদিন দিতে হবে। দাদা বললেন, পাঁচ দিন রাখলেই হবে। আমি তো শুনে অবাক। অন্তত ১৫ দিন লাগে তো ছবি প্রচার করতে। এখানে মাত্র পাঁচ দিন প্রচারণার জন্য! আমার জীবনে এটা প্রথম। আমি দাদাকে বলি, ‘মাত্র পাঁচ দিনে কী হবে? ছবি বক্স অফিসে সে রকম সাড়া পাবে না হয়তো।’ দাদা বলেন, ‘তুই অভিনেতা, অভিনয় করেছিস। আমি পরিচালক, পরিচালনা করেছি। প্রযোজককে এই বিষয়টা ভাবতে দে।’ আসলে দাদার বক্তব্য, আমরা ছবি বিক্রি করব না। যার ইচ্ছা হবে, সে অক্টোবর দেখবে। তবে সবচেয়ে মজার ব্যাপার, প্রযোজক মানে রনিদাও এখানে একদম ‘কুল’। বক্স অফিস নিয়ে তাঁরও কোনো মাথাব্যথা নেই।

প্রশ্ন: শুনেছি ছবিতে আপনি ‘ড্যান’ হয়ে ওঠার জন্য অনেক পরিশ্রম করেছেন।

বরুণ ধাওয়ান: দাদা পরিশ্রম করাবেন না, তা কী করে হয়? আমাকে এক সাধারণ হোটেলকর্মীর সব কাজ করতে হয়েছে। আমি আগে যা শিখেছি, দাদা সব বিসর্জন দিতে বলেছিলেন। দাদার থেকে সবকিছু নতুন করে শিখেছি। আমি একটু উচ্চ স্বরে কথা বলি। দাদা আমাকে বলতেন, ‘কাম, কাম, কাম।’ আমাকে এতটাই ‘কাম’ করে দিয়েছেন যে সেই থেকে এখনো ‘কাম’ (কাজ) করে চলেছি।

প্রশ্ন: আপনাকে ‘ড্যান’ হয়ে উঠতে ঘর সাফ থেকে বাসন পর্যন্ত ধুতে হয়েছে। আপনার মতো তারকার জন্য তা কতটা মুশকিলের ছিল?

বরুণ ধাওয়ান: সুজিত সরকারের সঙ্গে কাজ করতে গেলে স্টার কী, তা ভুলে যেতে হবে। তিনি খুব ভালোবেসে কাজ করান। শুধু আমাকে নন, ক্যামেরাম্যান, লাইনম্যানসহ সবাইকে ভালোবেসে কাজ করান। তাই একজন ভালো অধিনায়কের অধীনে কাজ করতে গেলে কাজটা কাজই মনে হয় না। সকালে দেখা হতেই একগাল হাসতেন দাদা। সেটে তিনি কখনো কারোর সঙ্গে উচ্চ স্বরে কথা বলতেন না।

প্রশ্ন: বাড়িতে নিশ্চয় কখনো এসব কাজ করতে হয়নি।

বরুণ ধাওয়ান: একদম করিনি বললে ভুল হবে। তবে আমি যে কাজটাই করতাম না কেন, মাকে আবার সেটা করতে হতো। এমনভাবে জামাকাপড় ভাঁজ করতাম, মায়ের পছন্দ হতো না। আমার বিছানা করাও মা পছন্দ করতেন না। তবে সত্যি বলতে, আমি রুপার চামচ মুখে দিয়ে জন্মাইনি। কারটার রোডের ‘সাগর দর্শন’ আবাসনে দুই কামরার ছোট এক ফ্ল্যাটে আমার জীবনের ১৫ বছর কেটেছে। আমার বাবার তখনো অতটা আর্থিক সচ্ছলতা আসেনি। আমি অটোরিকশা কিংবা বাসে করে কলেজে যেতাম। তখন অটোভাড়া ছিল ৮ টাকা ৫০ পয়সা। আমি অটোওয়ালাকে ১০ টাকা দিতাম, আর বাকিটা ফেরত নিতাম না। সত্যি বলতে, আমি অটো চাপতে খুব ভালোবাসি। তখন জুহু বিচে গিয়ে কত সময় কাটাতাম! জানেন, আমার খুব ইচ্ছা ছিল এই সাক্ষাৎকারটা জুহু বিচে বসে দেওয়ার। তারকা হওয়ার পর যেন স্বাভাবিক জীবনের ছন্দটাই হারিয়ে গেছে। সব সময় সঙ্গে রক্ষী। পাঁচতারা হোটেল থেকে বেরিয়েই গাড়িতে চেপে বসা। একেক সময় দমবন্ধ লাগে।

প্রশ্ন: তারকাজীবনের জন্য সবচেয়ে বেশি কী মূল্য দিতে হচ্ছে আপনাকে?

বরুণ ধাওয়ান: সময়। সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি। মাকে একদম সময় দিতে পারি না। বাবা এই পেশায় আছেন, তাই তিনি আমার সমস্যা বোঝেন। দাদা এবং ভাবিও বোঝেন। কিন্তু মাকে বোঝাতে হয়।

প্রশ্ন: ‘ড্যান’-এর চরিত্রটি বাস্তবে কারও দ্বারা অনুপ্রাণিত?

বরুণ ধাওয়ান: দিল্লিতে যে হোটেলে শুট করেছি, সেই হোটেলে অভিষেক নামে এক ট্রেইনি ছিল। অভিষেকের বয়স বছর কুড়ি হবে। কিন্তু ওকে দেখে মনে হতো ১৫ বছরের কিশোর। অভিষেকের সরলতা আমাকে ওর প্রতি আকৃষ্ট করে। অভিষেক হেড শেফ হতে চেয়েছিল। কিন্তু ওকে প্রথমে জিমে, তারপর ঘর সাফাইয়ের ভার দেওয়া হয়। এমনকি হোটেলের টয়লেট ও পরিষ্কার করত। খুব খারাপ লাগত ওর জন্য। আমি শেষে হোটেলের ম্যানেজারকে বলি অভিষেককে কিচেনে দিতে। তারপর ও কিচেনে কাজ করার সুযোগ পায়। অভিষেক খুব খুশি হয়ে আমার জন্য ওর হাতের তৈরি বিরিয়ানি বানিয়ে এনেছিল। আমি অভিষেককে সুজিতদার সঙ্গে দেখা করাই। দাদারও ওকে খুব মনে ধরে। অভিষেক স্কুটার চালিয়ে হোটেলে আসত। আমি বাইক চালিয়ে হোটেলে আসতাম। ‘ড্যান’ হয়ে ওঠার জন্য ওর দ্বারা অনেকটাই প্রভাবিত আমি।

প্রশ্ন: শুনেছি অক্টোবর ছবির জন্য আপনি নিজে গিয়ে সুজিত সরকারের সঙ্গে দেখা করেন?

বরুণ ধাওয়ান: হ্যাঁ, একদমই তাই। আমি একটা ফাটা জিনস পরে অত্যন্ত সাধারণভাবে দাদার কাছে যাই। আমার সম্পর্কে দাদার সে রকম কোনো ধারণা ছিল না। তিনি আমার জুড়ওয়া, বা বদ্রিনাথ কি দুলহনিয়া কিছুই দেখেননি। হা, হা, হা…।

অক্টোবর ছবির নায়িকা বিনিতা
অক্টোবর ছবির নায়িকা বিনিতা

প্রশ্ন: কিন্তু সাধারণত পরিচালক অথবা প্রযোজকেরা অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করেন। এ ক্ষেত্রে উল্টো...
বরুণ ধাওয়ান: সালমান, শাহরুখ, আমিরের মতো সুপারস্টারদের সঙ্গে পরিচালকেরা নিজে যোগাযোগ করেন। কিন্তু আমি সুপারস্টার নই, একজন শুধু তারকা বলেই আমাকে পরিচালকের কাছে ছুটে যেতে হয়েছিল। ছবির প্রয়োজনে অধিকাংশ অভিনেতা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। আর এটাই কাজের সঠিক পদ্ধতি। আর আমার বাবা যেহেতু পরিচালক, আমি নিজে দেখেছি তারকাদের ছবির প্রয়োজনে বাবাকে মেসেজ করতে। বাবাকে খুব কাছে থেকে দেখে আমি পরিচালকদের মন বুঝতে পারি।

প্রশ্ন: আপনি এই প্রজন্মের আইকন। অক্টোবর ছবিটা আজকের তরুণদের কতটা আকর্ষণ করবে?

বরুণ ধাওয়ান: আজকের তরুণদের জন্যই অক্টোবর। স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর পর এই ছবিতে আমি অনেক তরুণ এক চরিত্রে অভিনয় করলাম। মানুষ যখন কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে প্রেমে পড়ে, সেই অনুভূতি নিয়েই এই ছবি। এর থেকে বেশি কিছু বলব না। এবার দাদা (সুজিত সরকার) আমাকে বকবেন।

প্রশ্ন: এই ছবির পর আপনার প্রেমের সংজ্ঞা কি এক আছে, না পাল্টে গেছে?

বরুণ ধাওয়ান: (একটু ভেবে) প্রেমের প্রকৃত সংজ্ঞা এখন বুঝেছি। বলতে পারেন, দাদা আমার প্রেমের সংজ্ঞা ৩৬০ ডিগ্রি বদলে দিয়েছেন। অক্টোবর ছবিতে দাদা নিজের প্রেমের অনুভূতি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। হয়তোবা তাঁর জীবনে এইভাবে একদিন প্রেম এসেছে।

প্রশ্ন: শুনেছি আপনি আপনার কেরিয়ারের মতো প্রেমের ক্ষেত্রেও সিরিয়াস। এমনকি আপনার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে...

বরুণ ধাওয়ান: এখন মন দিয়ে শুধু কাজটা করতে চাই। চার-পাঁচ বছর আগে বিয়ের কথা কিছু ভাবছি না।

প্রশ্ন: একজন তারকা হয়েও আপনি মাটিতে পা রেখে চলেছেন। এটাই কি আপনার পারিবারিক শিক্ষা?

বরুণ ধাওয়ান: অবশ্যই। মানুষকে দুজনের কথা শুনে চলতে হয়, এক মন, আর এক হৃদয়। মনের কথা শুনলে অনেক বেশি ক্যালকুলেটিভ হতে হয়। কিন্তু হৃদয়ের কথা শুনলে অন্যকে অনেক বেশি আপন করে নেওয়া যায়। যেমন আমরা আমাদের পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে অন্তরের কথা শুনি।

প্রশ্ন: বদ্রিনাথ কি দুলহনিয়া, জুড়ওয়া ২—এই ঘরানার ছবির পর আপনাকে অক্টোবর এবং সুই ধাগার মতো ছবিতে দেখা যাবে। অভিনেতা হিসেবে নিজের ইমেজ কি বদলাতে চাইছেন?

বরুণ ধাওয়ান: আমি নানান ঘরানায় নিজেকে মেলে ধরতে চাই। আমির কি শুধুই দঙ্গল করতে পারেন? গজনি, দিল চাহতা হ্যায়র মতো ছবিও করতে পারেন। তাই একজন অভিনেতা হিসেবে আমিও সব ধরনের চরিত্রে কাজ করতে চাই। এত দিন প্রচুর কমেডি ছবিতে কাজ করেছি। আর নানান ধরনের কমেডি ছবিতে কাজ করার সুবাদে জানতে পেরেছি কমেডিরও কত রকম শেড আছে।

প্রশ্ন: অভিনেতা না হলে কী হতেন?

বরুণ ধাওয়ান: ভালো হলো প্রশ্নটা করেছেন। অভিনেতা হওয়ার আগে আমি এক টিভি চ্যানেলের মালিক হতে চেয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল সেই চ্যানেলে আমার এক নিজস্ব শো থাকবে। সেখানে আমি বিনোদনজগতের সবার সাক্ষাৎকার নেব। কিন্তু বাবা আমার ইচ্ছাটাই বোঝেননি।

প্রশ্ন: ডেভিড ধাওয়ানের পুত্র বলেই কি বলিউডে প্রবেশের পথটা সহজ ছিল?

বরুণ: অবশ্যই। এ ক্ষেত্রে বাবার পরিচয় নিশ্চয়ই আমাকে সাহায্য করেছে। কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা সংঘর্ষ থাকে। আমাকেও তা-ই করতে হয়েছে। প্রথম ছবিটার ক্ষেত্রে বাবার পরিচয় আমাকে সুযোগ করে দিয়েছে। তারপর এই বলিউডে টিকে থাকার জন্য বারবার আমাকে প্রমাণ করতে হয়েছে। আমি আমার প্রথম ছবির পর থেকেই প্রযোজক ও পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।