‘পয়মন্ত’ এবং ‘কুঞ্জ বেদেনী’
‘নাটকে কুঞ্জ বেদেনী একটি রূপক চরিত্র। কুঞ্জ একদিকে যেমন যাযাবর জীবন উপভোগ করে, অন্যদিকে তার রয়েছে সন্তান, সংসার এবং একটি ঘরের জন্য হাহাকার। মন্দ-ভালো আর সাদা-কালোর সূক্ষ্ম বিভেদ কুঞ্জ দৈব শক্তির কারণে আগে থেকে বুঝতে পারে। সরল মানুষদের সে আনন্দ দেয়, আবার কুটিল মানুষদের বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করে।’ পয়মন্ত নাটকে নিজের চরিত্রটি নিয়ে এভাবেই বললেন ফারজানা ছবি।পয়মন্ত নাটকে পাড়াগাঁয়ের বেদেনী চরিত্রে অভিনয় করেছেন ছবি।এ চরিত্রটি ফুটিয়ে তোলার অভিজ্ঞতার কথা বললেন ছবি, ‘বেদে ঝুপড়ি থেকে শাড়ি সংগ্রহ করেছি। নাটকের শুটিংয়ের পুরো সময়ে আমার সঙ্গে ছিলেন দুজন পেশাদার বেদেনী। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।ছবি জানালেন, সম্প্রতি নাটকটির কাজ শেষ হয়েছে। শৌর্য দীপ্তর কাহিনি থেকে চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন হাসান শিকদার।নাটকের গল্পে মানুষের সরলতা এবং অসচেতনতা যেমন বেদে-বেদেনীর উপার্জন বাড়িয়ে দেয়, তেমনি মন্দ মানুষেরা বাড়িয়ে দেয় আতঙ্ক। গ্রাম্য রাজনীতির কারণে এক রাতে বেদে-বেদেনী গ্রাম ছাড়তে বাধ্য হয়। যাওয়ার সময় ফেলে যায় তাদের পয়মন্ত সাপ।