‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-১০’ পেলেন চিন্ময় মুৎসুদ্দী ও মোরশেদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণের একেবারে সূচনা পথে ফজলুল হকের অবদান স্মরণীয়। তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ প্রতি বছর একজন চলচ্চিত্র সাংবাদিক ও একজন চলচ্চিত্র পরিচালককে পুরস্কৃত করে আসছে। এবার চিত্র সাংবাদিকতায় চিন্ময় মুৎসুদ্দী আর চলচ্চিত্র পরিচালনায় মোরশেদুল ইসলাম ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০১০’ পেয়েছেন। আজ মঙ্গলবার ফজলুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার দেওয়া হয়। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিত্ব। ফজলুল হক সম্পর্কে স্মৃতিচারণা করেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, আফজাল হোসেন, আলী ইমাম, সৈয়দ সালাউদ্দিন জাকী, পুরস্কার বিজয়ী চিন্ময় মুত্সুদ্দী ও মোরশেদুল ইসলাম, প্রয়াত ফজলুল হকের ভাই ফজলুল আলম এবং ফজলুল হকের মেয়ে কেকা ফেরদৌসী। এ সময় পুরস্কার বিজয়ীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ শামসুল হক ও ফজলুল হক স্মৃতি পুরস্কারের প্রবর্তক রাবেয়া খাতুন। তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির আহ্বায়ক মুহম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠান শেষে শহিদুল আলম সাচ্চুর নির্মিত ফজলুল হকের ওপর প্রামাণ্যচিত্র ‘সম্মুখের যাত্রী’ প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমদাদুল হক মিলন। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার পেয়েছেন ফজল শাহাবুদ্দীন, আহমদ জামান চৌধুরী, চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, রফিকুজ্জামান, সুভাষ দত্ত, হীরেন দে, আবদুর রহমান, গোলাম রব্বানী বিপ্লব, সৈয়দ শামসুল হক ও আমজাদ হোসেন।