
সাত বছর বয়সে বাবার ঘরোয়া ক্যামেরা নিয়ে এটা-সেটা ভিডিও করা শুরু করেছিল শিশুটি। কৈশোরে স্টার ওয়ারস দেখে এমনই অনুপ্রাণিত হয়েছিল সে, মনস্থির করে ফেলল ফিল্মমেকারই হবে। আর বড় হয়ে সে বানাতে লাগল একের পর এক তাক লাগানো ছবি।
বলছি হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের কথা। এই সময়ে হলিউডের সবচেয়ে প্রতিভাবান চলচ্চিত্রকারদের একজন তিনি। তাঁর গল্পই বলব আজ।
কলেজে পড়ার সময় নোলানের বন্ধুত্ব হয় এমা থমাসের সঙ্গে। পরে তাঁকেই বিয়ে করেন। দুজনে মিলে ছবি বানানোর স্বপ্ন এগিয়ে নিয়ে যান। নোলানের সব ছবির প্রযোজক এমা। তাঁদের প্রতিষ্ঠানের নাম সিংকপি ফিল্মস।

ফলোয়িং (১৯৯৮) নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। দ্বিতীয় ছবি মেমেন্টো প্রথম অস্কার মনোনয়ন এনে দেয়। মেমেন্টোর পর একে একে নোলান বানান ইনসমনিয়া (২০০২), ব্যাটম্যান বিগিনস (২০০৫), দ্য প্রেস্টিজ (২০০৬), দ্য ডার্ক নাইট (২০০৮), ইনসেপশন (২০১০), দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২), ইন্টারস্টেলার (২০১৪)-এর মতো সব ছবি। সব কাহিনি কল্পিত। অথচ প্রতিটিই অন্য এক বাস্তবতায় নিয়ে যায়।
নোলানের সব ছবিতেই রয়েছে ‘রহস্য’। কোনোটায় খুনের, কোনোটায় জাদুর। ইনসমনিয়াতে খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কত রাত যে নির্ঘুম কেটেছে আল পাচিনোর! দ্য প্রেস্টিজ-এ হিউ জ্যাকম্যান আর ক্রিশ্চিয়ান বেলের জাদুর লড়াই নিশ্চয়ই ভোলেননি নোলানভক্তরা। একের স্বপ্ন যে অন্য কেউ চুরিও করতে পারে, কে জানত সেটা ইনসেপশন দেখার আগে? আর ব্যাটম্যানের ছবিগুলোর কথা আলাদা করে বলার দরকার আছে?

এবার নোলান দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ঘটনাকে ভিত্তি করে বানালেন ডানকার্ক। বেলজিয়াম, ব্রিটেন ও ফ্রান্সের হাজার হাজার সৈনিক আটকা পড়ে ফ্রান্সের ডানকার্কের সমুদ্রতীরে। চারদিক থেকে তাঁদের ঘিরে রাখে শত্রুপক্ষ, জার্মান সেনারা। সেই উত্তেজনা নিয়ে এগিয়ে যায় গল্প। ছবিটি মুক্তি পেয়েছে ২১ জুলাই।
মজার ব্যাপার, যে নোলান একেবারে কাগজে-কলমে প্রতিটা জিনিস টুকে টুকে কাজ করেন, সেই নোলান এবার চেয়েছিলেন পাণ্ডুলিপি ছাড়াই ডানকার্ক বানাতে! প্রথম বাস্তবধর্মী গল্পের কাজ পাণ্ডুলিপি ছাড়া হবে, স্ত্রী ও প্রযোজক এমা ব্যাপারটা মেনে নিতে পারলেন না। অগত্যা নোলানকে পাণ্ডুলিপি লিখতেই হলো। সেটা হলো মাত্র ৭৬ পৃষ্ঠার। এই ‘গম্ভীর’ পরিচালক কিন্তু তাঁর শুটিং সেটে কোনো মোবাইল ফোন, ঘড়ি, পানির বোতল কিংবা বাড়তি কোনো জিনিস রাখতে দেন না। তাঁর কথা, এতে খামোখা মনোযোগ নষ্ট হয়। বাধ্য কর্মীর মতো সবাই তাঁর কথা মেনে চলেন। ফলাফল, একের পর এক ভালো ছবি।
এরই মধ্যে ডানকার্ক দর্শক-সমালোচকের ভালো প্রশংসা পেয়েছে। এরপর কী বানাচ্ছেন নোলান, সেই প্রশ্নই এখন সামনে।
সৈয়দা সাদিয়া শাহরীন
দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, হলিউড রিপোর্টার, ইনডিপেনডেন্ট ও আইএমডিবি অবলম্বনে