
কফিতে চুমুক দিয়ে বললেন, ‘মাথা থেকে ভারটা নেমে গেল।’ কী সেই ভার? মঞ্চনাটকের খবর যাঁরা রাখেন, তাঁদের এ সম্পর্কে বিশদ বলার দরকার নেই। এবারের ঈদে রিজওয়ান নামে একটি নাটকের ১০ দিন টানা ১৯টি প্রদর্শনী হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। সবার প্রত্যাশাও ছিল তাই আকাশচুম্বী। সেই প্রত্যাশার ভারটি কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। নাটকের অন্যতম মূল চরিত্র ফাতিমা চরিত্রায়ণে নিজেকে ঢেলে দিয়েছিলেন তরুণ থিয়েটারকর্মী মহসিনা আক্তার। নাটক শেষে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। আর কাজের ভারটাও নেমে গেল।
তবে সহজ ছিল না এ পথ। কঠিন পরিশ্রম গেছে নাটকটি করতে। মহড়া, শারীরিক প্রস্তুতি, কর্মশালা, ঢাকার বাইরে আবাসিক কর্মশালা, কী ছিল না সেখানে। বললেন, ‘আমরা মৌচাকে ক্যাম্প করতাম। প্রায়ই কেউ না কেউ ব্যথা পেত। শারীরিক কাজগুলো এত কঠিন ছিল। আমি তিনবার ইনজুরড হয়েছি। একজন একজন করে হাসপাতালে পাঠানো হতো।’ পা মচকে যায়, নখে লাগে মারাত্মক আঘাত। তবু দমে যাননি। মঞ্চে নিয়ে এসেছেন ফাতিমাকে। প্রথমে অবশ্য চরিত্রটি বুঝতে বেশ সময় লেগেছিল। তারপর শুরু হয় চরিত্রের সঙ্গে জীবনযাপন। মহসিনার ভাষায়, ‘আমি বুঝতে পারছিলাম না ও (ফাতিমা) কী চায়? আমি মহড়া করছি। ওর সংলাপ বলছি। যেমন “যখন আমাদের শরীরটা মরে, তখন কেবল মৃত্যু হয়, কিন্তু যখন বাঁচি, তখন অন্য কিছু হওয়া যায়।” এ ব্যাপারটি করছি। কিন্তু তারপরও ঠিক লাগছিল না।’ তখন তিনি পড়তে শুরু করেন। ফাতিমাকে বুঝতে পড়েন কবিতা, দেখেন ফাতিমার মতো বাস্তব চরিত্রগুলোর ভিডিও সাক্ষাৎকার। আর এমন করেই গড়ে ওঠেন একজন মহসিনা, মঞ্চের একজন ফাতিমা।
তবে কৈশোরের স্কুলপালানো মেয়েটির কিন্তু এটাই অভিনয়ের শুরু নয়। স্কুলের পিয়ন সাইকেল চালিয়ে তাঁকে বাড়িতে খুঁজতে যেতেন। স্কুলে খুব একটা পাওয়া যেত না তাঁকে। উদ্দেশ্য ছিল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করা। ছেলে সেজে কমেডি করে পেটে খিল ধরিয়ে দিতেন। তাতেই বাজিমাত। স্কুলের শিক্ষকেরা ভুলে যেতেন যে তিনি স্কুল পালান। অবশ্য তখনো ঠিক থিয়েটারটা মাথায় ঢোকেনি। পড়ালেখায় খুব একটা মনোযোগী না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে যে বিষয় ভাগে পড়ল, সেটিতে ভর্তি হয়ে গেলেন। তাতেই অভিনয়ের পথটি খুলে গেল। বলছিলেন, ‘ভালো পড়ালেখা করলে অন্য বিষয়ে পড়া হতো। যেমন আমাদের অন্য ভাইবোনেরা পড়েছেন। রাষ্ট্রবিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে। কিন্তু ফাঁকিবাজিটাই আমাকে নাটকে নিয়ে এল।’
তারপর বিশ্ববিদ্যালয়ে শুরু হলো নাটকের পড়া। প্রথম দিকে অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি শিক্ষকদের। দ্বিতীয় কি তৃতীয় বর্ষে শিক্ষকদের নজরে পড়েন। পড়ালেখায় হয়ে গেলেন ঠিক উল্টাটা। ফাঁকিবাজ মহসিনা পড়ালেখায় হলেন সিরিয়াস। বললেন, ‘নাটক আমরা মাথা খুলে দিল। এখন যা বলবেন, আমি তা-ই পড়তে পারব। তা বিজ্ঞানের বিষয় হলেও।’ নাটক নিয়ে মূল প্রেরণা পেয়েছেন বিভাগের শিক্ষক সৈয়দ জামিল আহমেদের কাছে। ‘নাটকের প্রতি ভালো লাগা বললে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সৈয়দ জামিল আহমেদের কাছ থেকে পেয়েছি’, স্যারকে নিয়ে বললেন তিনি। স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণিতে প্রথম। বৃত্তি নিয়ে পড়ছেন রাশিয়ান ইউনিভার্সিটি অব থিয়েটার আর্টসে (গিতিস)। সেখানে পড়ছেন পরিচালনা নিয়ে। তাঁর কাজের পরিধিও কম নয়। পরিচালনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা, আমেরিকান নাট্যকার ক্লিফোর্ড ওডেটের ওয়েটিং ফর লেফটি, শহিদুল জহিরের ‘ইন্দুর-বিলাই খেলা’ ছোট গল্প থেকে নাটক এবং স্যামুয়েল বেকেটের ক্র্যাসপ লাস্ট টেপ। এ ছাড়া ডিজাইন করেছেন বেশ কিছু নাটকে। সৈয়দ জামিল আহমেদের সঙ্গে কাজ করেছেন বেহুলার ভাসান, সং ভং চংসহ আরও অন্যান্য নাটক ও কর্মশালায়।
কথায় কথায় কফি ফুরিয়ে যায়। ফুরায় আমাদের কথাও। খুব শিগগির পাড়ি দেবেন রাশিয়ায়। রিজওয়ান নিয়ে ব্যস্ত থাকায় কোনো কাজ করতে পারেননি। সব কাজ করতে হবে এই কদিনের মধ্যেই। শেষ প্রশ্নটা করি। এবারের ঈদে মঞ্চপাড়ায় হলো ব্যতিক্রমী এই আয়োজন, আপনার ভাবনা কী? বললেন, ‘খুবই ভালো। প্রথমে শঙ্কায় ছিলাম কেউ দেখতে আসবে কি না। ঈদে এমন আয়োজন করার ইচ্ছা জামিল স্যারেরও (সৈয়দ জামিল আহমেদ) ছিল। আয়োজক সংগঠন নাটবাংলাও চেয়েছিল ঈদে এমন একটি আয়োজন হোক। এটি সফল হয়েছে। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকুক।’