‘ফাইন্ডিং নেমোর’ পর এবার ‘ফাইন্ডিং ডরি’
অস্কারজয়ী অ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নেমো’র সিক্যুয়েল তৈরির ঘোষণা দিল ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন। ‘ফাইন্ডিং ডরি’ শিরোনামের ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৫ নভেম্বর।মূল ছবির পর সিক্যুয়েল পরিচালনার দায়িত্বেও বহাল থাকছেন প্রখ্যাত মার্কিন নির্মাতা অ্যান্ড্রু স্ট্যানটন। ‘ফাইন্ডিং নেমো’র মারলিন, নেমো, ডরিসহ অন্যান্য চরিত্রের সঙ্গে নতুন কিছু চরিত্র যুক্ত হচ্ছে ‘ফাইন্ডিং ডরি’তে। আগের মতো এবারও ডরি চরিত্রে কণ্ঠ দেবেন মার্কিন মুলুকের জনপ্রিয় টিভি সঞ্চালক ও কৌতুকশিল্পী এলেন ডিজেনারস। জানিয়েছে ‘হাফিংটনপোস্ট’। এ প্রসঙ্গে ডিজেনারস বলেন, ‘অনেক আগে থেকে এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমি জানি, ‘‘টয় স্টোরি”, ‘কারস”-এর মতো ছবি বানানোয় ব্যস্ত থাকায় “ফাইন্ডিং নেমো”র সিক্যুয়েল তৈরির কাজ হাতে নিতে পারেনি পিক্সার অ্যানিমেশন। তবে এই দেরিটা সুফলই বয়ে এনেছে। কারণ “ফাইন্ডিং ডোরি”র চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ। ছবিতে ডরি চরিত্রকে অনেক বেশি গুরুত্ব দেওয়ায় আমি খুব খুশি।’ ‘ফাইন্ডিং নেমো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সেরা অ্যানিমেশন ছবি হিসেবে অস্কার পুরস্কার ঘরে তোলার পাশাপাশি ‘ফাইন্ডিং নেমো’ এ যাবত্কালের সেরা অ্যানিমেশন ছবিগুলোর মধ্যে অন্যতম বলে স্বীকৃতি পেয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের। পরবর্তী সময়ে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ছবির ত্রিমাত্রিক সংস্করণ নির্মিত হয়। সেটি মুক্তি পায় ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর।