‘ফাউন্ডার অব দ্য ক্যাসেট ইন্ডাস্ট্রি’ সম্মানে শাহীন রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ডিসকো রেকর্ডিংয়ের কর্ণধার শাহীন রহমানকে যথাযোগ্য সম্মাননা জানাতে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে অডিও-ভিডিও প্রযোজকদের সংগঠন এমআইবি। গতকাল বৃহস্পতিবার গুরুতর অসুস্থ শাহীন রহমানের জিগাতলার বাসায় সৌজন্য সাক্ষাত্ শেষে এমনটাই জানালেন এমআইবি সভাপতি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্। এ সময় আরও উপস্থিত ছিলেন অনুপম রেকর্ডিংয়ের আনোয়ার হোসেন, চেনা সুরের হাসান মতিউর রহমান, জি সিরিজ ও অগ্নিবীণার নাজমুল হক ভূঁইয়া, সঙ্গীতার সেলিম খান, সিডি চয়েজের জহিরুল ইসলাম সোহেলসহ আরও অনেকে। এমআইবির পক্ষ থেকে শাহীন রহমানকে সম্মাননা প্রদান প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘অডিও ইন্ডাস্ট্রি বলুন, এমআইবি বলুন কিংবা আমাদের মতো শিল্পীদের কথাই বলুন—এর সবটারই পথিকৃত শাহীন রহমান এবং ডিসকো রেকর্ডিং। আমেরিকায় থাকার কারণে এত দিন তাঁকে নিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারিনি। খুব শিগগিরই একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শাহীন রহমানকে “ফাউন্ডার অব দ্য ক্যাসেট ইন্ডাস্ট্রি” সম্মানে সম্মানিত করব।’কুমার বিশ্বজিত্ আরও বলেন, ‘অডিও ইন্ডাস্ট্র্রির নাজুক অবস্থার কারণে আমাদের অনেক পরিকল্পনায় এগোচ্ছে না ইচ্ছে অনুযায়ী। তবুও শাহীন রহমানকে যখন দেশে পেলাম তখন মানুষটাকে একটু সম্মিলিতভাবে সম্মান জানাতে চাই। এদিকে গেল বৃহস্পতিবার দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের একসঙ্গে পেয়ে দারুণ উজ্জীবিত ছিলেন অসুস্থ শাহীন রহমান।’উল্লেখ্য, শাহীন রহমান ২০০৬ সালে মস্তিষ্কের এক ধরনের রোগ অ্যামিউট্রোপিক ল্যাটারাল সক্লরৌসিস (নিউরো মটর ডিজিজ) আক্রান্ত হন। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেও তিনি একা চলাফেরা করতে পারেন না। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি হাসপাতালের অধীনে তাঁর চিকিত্সা চলছে, যেখানে ‘অ্যামিউট্রোপিক ল্যাটারাল সক্লরৌসিস’ নিয়ে পৃথিবীর মধ্যে একমাত্র গবেষণা চলছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবার আমেরিকায় পাড়ি জমাবেন শাহীন রহমান।