'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' ছবির মুক্তি পেছাল

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির গুরুত্বপূর্ণ ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় শেষ করার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ৩০ নভেম্বর নিহত হন অভিনেতা পল ওয়াকার। তাঁর মৃত্যুতে ছবিটির মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সম্প্রতি ছবিটির প্রযোজক ও অভিনেতা ভিন ডিজেল এর মুক্তির নতুন তারিখ নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
এ প্রসঙ্গে ভিন ডিজেল তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘পলের সঙ্গে সর্বশেষ যে দৃশ্য আমরা ধারণ করেছিলাম তাতে যেন জাদু ছিল। এখন আমরা সম্পাদনার কাজ করছি। আমরা অনেক দূর এগিয়েছি। ‘‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’’ অবশ্যই আলোর মুখ দেখবে। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ১০ এপ্রিল। আমি জানি, পলই এই খবরটি আপনাদের সবাইকে প্রথম শোনাতে চায়।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এইসশোবিজ।
তুমুল জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবিতে ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করছিলেন পল ওয়াকার। একটি দাতব্য অনুষ্ঠান থেকে ফেরার পথে গত ৩০ নভেম্বর বিকেলে লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন পল। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু রজার রোডাস। হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লাইট পোস্ট ও গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই বন্ধু রজারের সঙ্গে নিহত হন ৪০ বছর বয়সী পল ওয়াকার।
পলের মৃত্যুতে ছবিটির কাজ থেমে যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়। পরে ছবিটির পরিচালক জেমস ওয়ান জানান, পলকে ছাড়াই ছবিটির কাজ শেষ করবেন তিনি। ভিন ডিজেল ও নিল মরিটজ প্রযোজিত ছবিটি ২০১৪ সালের ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও পলের মৃত্যুর পর মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে পড়ে। সম্প্রতি এর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০১৫ সালের ১০ এপ্রিল। অ্যাকশন ঘরানার ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন ভিন ডিজেল, ডোয়েন জনসন, মিশেল রড্রিগজ, জেসন স্ট্যাথাম, কার্ট রাসেল প্রমুখ।