'ফিউচার'-এর ভবিষ্যৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিউচার
ফিউচার

ফিউচার মানে কী জানেন তো? ভবিষ্যৎ! তো এত কিছু থাকতে হঠাৎ বাংলা-ইংরেজি অনুবাদ কেন লিখছি, তাই ভাবছেন তো? লেখারই কথা, কারণ মার্কিন গায়ক ‘ফিউচার’ তাঁর হিপহপের জাদুতে ভবিষ্যৎ যে মাতাবেন সেটা তাঁর শেষ কয়েকটি অর্জনে বোঝাই যাচ্ছে! এই কয়েক দিন আগেই ফিউচার কিন্তু ইতিহাস তৈরি করেই ফেলেছেন! তিনিই প্রথম শিল্পী, যাঁর পরপর দুটি অ্যালবাম বিলবোর্ড টুহানড্রেডের তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে!

আমেরিকান এই শিল্পীর আসল নাম নেইভডিয়াস ডিমুন উইলবার্ন। সেই নাম বদলে স্টেজের জন্য নাম নিয়েছেন ‘ফিউচার’। ফিউচার বড় হয়েছেন আটলান্টায়। ভাই রিকো ওয়েডও সংগীতেরই মানুষ, তাঁরই অনুপ্রেরণায় গান লেখা আর র‍্যাপের জগতে আসা। ফিউচার নিজেও রিককে তাঁর গানের পেছনের ‘মাস্টারমাইন্ড’ বলে ডাকেন। গানের দুনিয়ায় তিনি পা-ও রেখেছেন ভাইয়ের হাত ধরেই। ‘দ্য ডানজন ফ্যামিলি’ নামের একটি মিউজিক্যাল কালেকটিভের সদস্য ছিলেন তাঁরা দুজনেই। এরপর রিকো তাঁকে উৎসাহিত করেন নিজের জন্য কিছু করতে। এরই ধারাবাহিকতায় ২০১০ ও ২০১১ সালে বেশ কিছু মিক্সটেপ রিলিজ করেন ফিউচার। তারপরই আস্তে আস্তে সাফল্যের মুখ দেখা শুরু। এ পর্যন্ত ৬টি স্টুডিও অ্যালবাম, ৫টি মিক্সটেপ বের হয়েছে তাঁর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফিউচার রিলিজ করেন তাঁর পঞ্চম স্টুডিও অ্যালবাম ফিউচার। তার মাত্র এক সপ্তাহ পরেই তিনি রিলিজ করেন তাঁর ষষ্ঠ অ্যালবাম হানড্রেক্স। এই দুটি অ্যালবাম দিয়েই তিনি বাজিমাত করেছেন! এই প্রথম কোনো শিল্পীর পরপর দুটি অ্যালবাম বিলবোর্ডের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। প্রথম সপ্তাহেই হানড্রেক্স-এর ১২১০০০ কপি বিক্রি হয়েছে। ভাবা যায়! ফিউচার-এর প্রথম সপ্তাহে কাটতি কিন্তু এর চেয়েও বেশি ছিল, ১৪০০০০ কপি অ্যালবাম বিক্রি হয়েছিল প্রথম সপ্তাহে।

তাই সুসময় এখন ‘ফিউচার’-এর, সেটা আর বলে দিতে হয় না!

নাজিয়া শারমিন, বিলবোর্ড অবলম্বনে