‘ফিরে পেতে চাই বিশ্ববিদ্যালয় জীবনটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ মঞ্চস্থ হবে নাটক রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ। নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি।বাহাত্তরে পদার্পণ...১৮ জুন ছিল আমার জন্মদিন। খুব ভালো একটা দিন কেটেছে। জাতীয় নাট্যশালায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদসহ অনেকেই উপস্থিত ছিলেন। সৈয়দ শামসুল হক ছিলেন। তরুণ নাট্যকার আর পরিচালকেরাই অনুষ্ঠানটির অয়োজন করেছিল। ওরা আমাকে এবং আমার কাজকে ভালোবাসে।‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’...জালিয়ানওয়ালাবাগে যে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল, সেটি রবীন্দ্রনাথ কীভাবে দেখেছিলেন, এই নিয়ে নাটকের গল্প। এক ঘণ্টা ২৫ মিনিটের একটা নাটক। নাটকের নামে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে রুদ্র রবি শব্দটা আমি যোগ করেছি। নাটকটা নিজের মতো করে সাজিয়েছি। সত্যজিৎ রায় যখন চারুলতা ছবিটি তৈরি করলেন, সেটা কিন্তু রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ হয়নি। সত্যজিতের চারুলতাই হয়েছে।সামনে যেসব কাজ আসছে...আমার বিভিন্ন লেখা নিয়ে একটা বই বের করব। তা ছাড়া সেই যে ১৯৭২ সাল থেকে নাটককে ঘিরে আমার মানসিক বিবর্তন, এটা নিয়েও কিছু লিখব ভাবছি। মঞ্চে বেশ কিছু নাটক আসছে—চন্দ্রাবতী, ডিয়ার লায়ার। এ ছাড়া বাংলার মাটি বাংলার জল নামে একটা চলচ্চিত্র নির্মাণ নিয়ে কথা চলছে।অভিনয় নিয়ে অতৃপ্তি...আমার মনে হয়, আমরা এখনো পুরোপুরি পেশাদার অভিনেতা হতে পারিনি। স্টিভেন স্পিলবার্গের লিংকন চলচ্চিত্রটি যখন দেখি, ভীষণ মুগ্ধতা কাজ করে। ড্যানিয়েল ডে লুইস কীভাবে এক বছর ধরে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করেছেন! আমাদের পারিপার্শ্বিকতার জন্যই হোক, আর যে কারণেই হোক, আমরা সেভাবে কাজ করতে পারি না। নিজের ব্যক্তিত্বটা পুরোপুরি পরিবর্তন করে ফেলা, এটা অনেক বড় ব্যাপার।যে সময়টা ফিরে পেতে চাই...আমার শৈশব, কৈশোর—সবই চমৎকার কেটেছে। তবে ফিরে পেতে চাই বিশ্ববিদ্যালয় জীবনটা। একদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে আমরা কাঁদতাম! একদিন মধুর ক্যানটিনে আড্ডা দিতে পারব না, ভাবতেই পারতাম না। অপূর্ব চারটা বছর কেটেছে!মো. সাইফুল্লাহ