'ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার' পাচ্ছেন বন্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার-২০১৭’ পাচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই পুরস্কার হস্তান্তর করা হবে।
আয়োজন–সম্পৃক্ত সংগীতশিল্পী ও ফিরোজা বেগমের শিষ্য সুস্মিতা আনিস প্রথম আলোকে বলেন, ২০১৬ সালে এসিআই ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তন করে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’। শিল্পী সাবিনা ইয়াসমীন প্রথমবার ফিরোজা বেগম স্বর্ণপদক পেয়েছেন। এ বছর দ্বিতীয়বারের মতো দেওয়া হচ্ছে পুরস্কারটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দেবেন। ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ড থেকে খ্যাতিমান শিল্পী ছাড়াও প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে স্বর্ণপদক ও ২০ হাজার টাকার চেক দেওয়া হয়।
সুস্মিতা আনিস বলেন, ‘ফিরোজা বেগম তাঁর সংগীত–অবদানের জন্যই বাংলা গানের শ্রোতাদের মনের মণিকোঠায় থাকবেন। তবুও তাঁর জন্মদিনকে ঘিরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার একটা উপলক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, এটা অত্যন্ত সম্মানের।’