
নোবেল। মডেল ও অভিনেতা। আজ মাছরাঙা টেলিভিশনে তাঁকে দেখা যাবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩’ নিয়ে অনুষ্ঠান ‘পর্দার পেছনের গল্পে’‘পর্দার পেছনের গল্পে’ যখন উপস্থাপক...
‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর মতো সম্মানজনক পুরস্কারটির জন্য সব শিল্পী ও কলাকুশলী অপেক্ষায় থাকেন। এর আয়োজনের পেছনের নানা গল্প নিয়ে সাজানো হয় ‘পর্দার পেছনের গল্প’। আমি মডেল; উপস্থাপক নই। তার পরও তিনবার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। খুব ভালো লাগত তারকাদের নিয়ে অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে আড্ডা দিতে।
এবার যখন অতিথি...
এ বছরও ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানে গেলাম। বসলাম উল্টো দিকের চেয়ারে। যেখানে বসে আগে আমার প্রশ্নের উত্তর দিতেন অতিথিরা। এবার উপস্থাপক নওশীনের নানা প্রশ্নের উত্তর দিলাম অতিথি হিসেবে। পুরো অনুষ্ঠানে খুব আরামে ছিলাম। কোনো পূর্বপ্রস্তুতির দরকার ছিল না।
এখন যা করছি...
অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। হজ করে আসার পর ‘পর্দার পেছনের গল্প’ দিয়েই ক্যামেরার সামনে ফেরা। এটাকে ওয়ার্মআপও বলা যায়। কারণ, ঈদের জন্য হয়তো দু-একটি নাটক করব; কথা চলছে। অফিসে কাজের চাপ যাচ্ছে। তার পরও সময় বের করে ঈদের জন্য কাজ করব।
খেলাধুলার আমি...
ক্রিকেট আমার পছন্দের বিষয়। মাঝে তো হালকা চোটের কারণে চিকিৎসকের পরামর্শে খেলা থেকে দূরে ছিলাম। চোট সেরে গেছে। এবার ফুটবলের প্রেমে পড়েছি। রাত জেগে ফুটবল খেলা দেখি। দল বার্সেলোনা আর খেলোয়াড় মেসি আমাকে মুগ্ধ করে।
অবসর পেলে...
বাইরে ঘুরতে যেতে ভালোবাসি। সন্তানদের সঙ্গে সময় কাটানো আর বাসার টুকটাক কাজ করি সাপ্তাহিক ছুটির দিনে। এখন দিন গুনছি জুনে সন্তানদের নিয়ে বাইরে যাব বলে।
হাসান ইমাম