'ফুল খেলবার দিন নয় অদ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সংগীত’ শীর্ষক সংগীত উত্সবের শেষ দিনে গতকাল সন্ধ্যায় নৃত্য পরিবেশন করে শিশুশিল্পীরা ।  ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সংগীত’ শীর্ষক সংগীত উত্সবের শেষ দিনে গতকাল সন্ধ্যায় নৃত্য পরিবেশন করে শিশুশিল্পীরা । ছবি: প্রথম আলো

‘জঙ্গিবাদের বিরুদ্ধে সংগীত’ স্লোগানে রোববার থেকে শুরু হওয়া তিন দিনের সংগীত উৎসব শেষ হলো গতকাল মঙ্গলবার। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। গণসংগীত এবং নানা ধরনের দেশীয় গান ও যন্ত্রবাদনে তিন দিনব্যাপী এ আয়োজনে শ্রোতাদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়।
আগের দুই দিনের মতো মঙ্গলবার কণ্ঠ ও যন্ত্রের সুরেলা উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। তৃতীয় ও সমাপনী দিনের আয়োজন শুরু হয় দোতারার সুরের ব্যঞ্জনা দিয়ে। পরিবেশন করেন বাংলাদেশ দোতারা শিল্পী পরিষদের শিল্পীরা।
এরপর লোককবির গানের দল বাঁশুরিয়ার শিল্পীরা পরিবেশন করেন দুটি লোকসংগীত ‘জানিতে চাই দয়াল তোমার’ এবং ‘যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে।’
জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন ‘আজ যত যুদ্ধবাজ’ ও ‘ফুল খেলবার দিন নয় অদ্য’।
রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ গেয়ে শোনান ‘আজি বাংলাদেশের হূদয় হতে’। রবীন্দ্রসংগীতের দল রবিরাগের শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান। অনুষ্ঠানে ধর্মরাজিক ললিতকলা একাডেমীর শিশুশিল্পীরা পরিবেশন করে দলীয় নৃত্য।
নজরুলসংগীত শিল্পী পরিষদের শিল্পীরা গেয়ে শোনান ‘একি অপরূপ রূপে মা তোমার’, ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে’ ও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে’।
বৈতালিক সংগীতাঙ্গনের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান ‘ফিরে চল মাটির টানে’, ‘ওরে ওরে ওরে আমার মন মেতেছে’ ও ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’।
সিলেটের আরকুম শাহ্ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে আরকুম শাহ্র গান। দোলনচাঁপা ললিতকলা একাডেমীর শিল্পীরা গেয়ে শোনান ‘নির্ভীক মুক্তিবাহিনী ভাই’, ‘উজ্জ্বল সবুজের বুকে ওই’ ও ‘খাল বিল নদী নালা’—তিনটি দেশাত্মবোধক গান।
গাঁও গেরাম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান রাজশাহী অঞ্চলের বারশিয়া গান।
ঢোল বাজিয়ে শোনান ঢোলবাদক অ্যাসোসিয়েশন।
গীতাঞ্জলির শিল্পীদের কণ্ঠে গীত হয় ‘তোমার খোলা হাওয়া’, ‘বাঁধ ভেঙে দাও’ ও ‘দুই হাতে কালের মন্দিরাতে’।
ধর্মরাজিক ললিতকলা একাডেমীর শিল্পীরা গেয়ে শোনান ‘এ হে হেউয়া হেইয়া’, ‘পলাশ ঢাকা কোকিল ডাকা’ ও ‘আমি বাংলাদেশের বাউল রে ভাই’।
পদাতিক সংগীত সংসদ পরিবেশন করে গণসংগীত ‘ধন্য আমি জন্মেছি এই’, ‘ও আলোর পথযাত্রী’ ও ‘দুর্গম গিরি কান্তার মরু’।
পূর্বিতা শিল্পীদের কণ্ঠেও গীত হয় তিনটি গণসংগীত, ‘শক্ত হাতে ধর পতাকা’, ‘বিশ্বে আজ জঙ্গিবাদ’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।
এদিনের আয়োজনে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা।