'ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবৃতার অনুষ্ঠানে সমবেত পরিবেশনা
সংবৃতার অনুষ্ঠানে সমবেত পরিবেশনা

স্বাধীনতার প্রায় অর্ধশতক পরেও লাল রক্তের ছোপ লেপটে আছে এ সবুজ শ্যামল বাংলাদেশের মাটিতে। স্বাধীনতার মাস ডিসেম্বরকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের আবৃত্তি প্রযোজনা ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’-এর ১০ম মঞ্চায়ন হয়।
এ আবৃত্তি পরিবেশনায় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের ওপর লেখা বিভিন্ন কবির লেখা ৩০টি কবিতা দৃশ্যকল্পের পরম্পরায় সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। আবৃত্তি প্রযোজনাটির স্লোগান ছিল ‘বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলে ছেয়ে, ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসে ধেয়ে’। সামসুজ্জামান বাবুর গ্রন্থনা এবং এ কে এম সামছুদ্দোহার নির্দেশনায় অনুষ্ঠানটিতে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন তরুণ আবৃত্তি শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, ‘তোমারই পদধ্বনি’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হল’, আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ এবং মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’সহ ২৭ টি কবিতা আবৃত্তি করেন সংবৃতার তরুণ আবৃত্তি শিল্পীরা।
সলিল চৌধুরীর ‘শপথ’ কবিতাটির দলগত পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এ কে এম সামছুদ্দোহা, নাসিরউদ্দিন পিটু, মাসুদ পারভেজ, হ্যাপী আকতার, সাদিয়া আকতার, কাকন জামান, হাম্মাদ সোহাগ সহ বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী তাদের আবৃত্তি পরিবেশন করেন। সর্বশেষে মোহাম্মদ মনিরুজ্জামানের ‘জার্নাল-১৯৭১’ পরিবেশন করে আবৃতি প্রযোজনার ইতি টানেন গনিউজ্জামান প্রিন্স।
আবৃত্তি প্রযোজনাটির ১০ম মঞ্চায়নে আবৃত্তিপ্রেমীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিল এ কবিতা পাঠের আসর।