'ফ্যান্টা টিন পপ ব্যান্ড' এর গ্র্যান্ড ফিনালে আজ

টিনএজ সংগীত প্রতিভা খুঁজে পেতে মাস দেড়েক আগে শুরু হয়েছিল ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ নামের একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিচারক হিসেবে অংশ নিয়ে ছিলেন সংগীতশিল্পী এলিটা, জন কবীর ও ফুয়াদ আল মুক্তাদির। আজ এফডিসিতে এই রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠানটি। এতে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে আসা পাঁচ জন প্রতিযোগীর ভেতর থেকে নির্বাচিত করা হবে সেরা একজনকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়। তারপর সেখান থেকে গায়কি প্রতিভার পাশাপাশি আনন্দদায়ক ও মজাদার পারফরম্যান্সকেও বিবেচনায় নিয়ে যাচাইবাছাই করে নির্বাচিত করা হয় সেরা ২০ জন ট্যালেন্টেড টিনএজার। এই ২০ জন থেকেই চূড়ান্ত প্রতিযোগিতার জন্য লড়ছে ৫ জন।
অনুষ্ঠানটির আয়োজন নিয়ে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, শাদাব খান বলেন, ‘ফ্যান্টা টিন পপ ব্যান্ড’ শুধুমাত্র প্রতিভা খুঁজে বের করার জন্যই নয়; বরং এই প্রতিভাকে কাজে লাগিয়ে তরুণেরা যেন দারুণ কিছু করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’
শুরু থেকেই অনুষ্ঠানটি প্রচার করে আসছে গাজী টেলিভিশন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সাবিলা নূর।