'বইপড়া আন্দোলন ছড়িয়ে দিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ঢুকলে কারও বুঝতে অসুবিধা হবে না যে এখানে চলছে বই উৎসব। শীতাতপনিয়ন্ত্রণ গোলাকৃতির সুপরিসর ঘরটির চারপাশে টেবিলে সাজানো বই আর বই। টেবিলে টেবিলে শোভা পাচ্ছে পাঠকের মনকাড়া গল্প-উপন্যাস, কবিতা, ভ্রমণ, প্রবন্ধ-নিবন্ধ, গুণীজনদের আত্মজীবনী কিংবা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশ-বিদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের গ্রন্থ। ছিমছাম সাজানো এ আয়োজনটি বইপ্রেমীদের মনে ধরবেই।
নতুন বছরের প্রথম দিনে ১০ প্রকাশনীর সম্মিলিত আয়োজনে শুরু হলো নববর্ষের বই উৎসব। গতকাল রোববার ১২ দিনের এ বই উৎসবের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান সাইয়েদ, লেখক আন্দালিব রাশদী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে দেশব্যাপী বইপড়া আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অধ্যাপক আনিসুজ্জামান। এ প্রসঙ্গে তিনি বলেন, জেলার গণগ্রন্থাগারগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এর মাধ্যমে বইপড়া আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে দেশব্যাপী।
উৎসবে অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হলো প্রথমা প্রকাশন, ডেইলি স্টার বুকস, ইউনিটিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), অ্যাডর্ন পাবলিকেশন, কথাপ্রকাশ, জাগৃতি প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশনস, পাঠক সমাবেশ কেন্দ্র, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস।
উৎসবে ৩০ থেকে ৪০ শতাংশ মূল্যছাড়ে বই সংগ্রহ করতে পারবেন পাঠকেরা। ১২ দিনের এ বই উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।