‘বইমেলা’ নিয়ে বাপ্পা-ফাহমিদার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে বইমেলা নিয়ে গান করলেন বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী। বইমেলা উপলক্ষে প্রকাশিত নতুন বই ও মেলায় আসা পাঠকদের নিয়ে সপ্তাহের ছয় দিন সন্ধ্যায় প্রচারিত হবে ‘ফাগুনের মলাট’। অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে নির্মিত এই অনুষ্ঠানে প্রতিদিন প্রচারিত হবে বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর এ গানটি।‘তুমি সবার প্রথম প্রেম বিমুগ্ধতার ঘোর, তোমাকে ছুঁয়ে স্বপ্নের শুরু দেখা রঙিন ভোর/ আজ নতুন করে আবার হবে দেখা, পায়ে পায়ে তাই একসাথে পথচলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে সময়ের কথা বলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে জীবনের কথা বলা’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। বাপ্পা মজুমদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘বইমেলা সবার কাছেই অন্যরকম প্রাণের স্পন্দন। ছোটবেলা থেকে যখনই বইমেলা সম্পর্কে জেনেছি, এর প্রতি আলাদা একটা আকর্ষণ অনুভব করেছি। সংগীতের ক্যারিয়ারে অনেক ধরনের গানই করেছি। কখনোই বইমেলাকে কেন্দ্র করে গান করা হয়নি। এবারই প্রথম বইমেলাকে নিয়ে গান করলাম। গানটির কথা ও সুরও বেশ ভালো লেগেছে। বলা যায়, আমার জীবনে বইমেলা নিয়ে গান করাটা একটা নতুন অভিজ্ঞতা।’‘ফাগুনের মলাট’ অনুষ্ঠানের প্রযোজক আমজাদ সুজন বলেন, ‘গানটিতে একুশে বইমেলার নানা দিক তুলে ধরা হয়েছে। শুনলে যেকোনো পাঠক বইমেলার প্রতি আরও আকৃষ্ট হবেন।’ ‘ফাগুনের মলাট’ অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় এবং প্রতি বৃহস্পতিবার সাড়ে পাঁচটায় দেশ টিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথা।