‘বঙ্গ-বিভূষণ’ সম্মাননা পেলেন সুচিত্রা সেন
পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গ-বিভূষণ’ পেলেন প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন। সুচিত্রার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেছেন তাঁর মেয়ে মুনমুন সেন ও নাতনি রাইমা সেন। ২০ মে রবিবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সম্মাননা প্রদান করেছেন। শিল্প, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি দিতে গত বছর থেকে এই সম্মাননা প্রদানের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। ‘বঙ্গ-বিভূষণ’ পদকের পাশাপাশি দুই লাখ ভারতীয় রুপিও প্রদান করা হয় বিজয়ীদের। এ বছর সুচিত্রা সেন ছাড়া আরও ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বঙ্গ-বিভূষণ’ এবং ‘বঙ্গ-ভূষণ’ সম্মাননা দেওয়া হয়েছে। বঙ্গ-বিভূষণ পদকপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন চিত্র নির্মাতা গৌতম ঘোষ, চিত্রাভিনেতা রঞ্জিত মল্লিক, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াস প্রমুখ। এ ছাড়া বঙ্গ-ভূষণ সম্মাননা পেয়েছেন ধ্রুপদি সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান, গায়ক নচিকেতা চক্রবর্তী এবং বাদ্যযন্ত্রী বিক্রম ঘোষ। উল্লেখ্য, ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ছেড়ে কলকাতায় স্থায়ী নিবাস গাড়েন। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সুচিত্রা সেন। তাঁর অভিনীত প্রথম ছবি আলোর মুখ না দেখলেও পরবর্তী সময়ে রুপালি পর্দায় রাজত্ব করেছেন গুণী এই অভিনেত্রী। ‘সাত পাকে বাঁধা’, ‘দেবী চৌধুরাণী’ ‘দীপ জ্বেলে যাই’, ‘মমতা’, ‘সপ্তপদী’, ‘বোম্বাই কা বাবু’, ‘দেবদাস’সহ বেশ কয়েকটি বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। সুচিত্রা সেনই বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব থেকে পুরস্কার জিতেছিলেন। ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উত্সব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। পরবর্তী সময়ে কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন ৮১ বছর বয়সী এই অভিনেত্রী। সুচিত্রা সেন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রণয় পাশা’ মুক্তি পায় ১৯৭৮ সালে। এরপর থেকেই নিজেকে গুটিয়ে নেন এই শিল্পী। কোনো এক অজানা কারণে নিজেকে চার দেয়ালে বন্দী করে ফেলেন। ২০০৫ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হলেও, তা গ্রহণ করেননি। পুরস্কার নিতে জনসমক্ষে যাবেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।