‘বদনাম’ মানবিক দ্বন্দ্বের আখ্যান
বিজয় বাবু নিষ্ঠাবান পুলিশ পরিদর্শক। তাঁর স্ত্রী সৌদামিনী। সংসারের প্রতি তাঁর দায়িত্ব-কর্তব্য ও ভালোবাসার এতটুকু কমতি নেই। পাশাপাশি খাপছাড়া সমাজে জন্মেও দেশের প্রতি দায়িত্বকে অবজ্ঞা করতে পারেননি তিনি। স্বামীর অগোচরে সহযোগিতা করে চলছেন একজন বিপ্লবীকে। এমন এক গল্প নিয়ে সংলাপ গ্রুপ থিয়েটারের নতুন নাটক বদনাম। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তাঁর ছোটগল্প অবলম্বনে বদনাম নাটকটি মঞ্চে এনেছে সংলাপ গ্রুপ থিয়েটার।নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। রবীন্দ্রনাথের অন্যান্য নাটকের মতো এখানেও তুলে ধরা হয়েছে মানবিক দ্বন্দ্ব। তৎকালীন সমাজে সাধারণ একজন গৃহবধূর স্বদেশি হয়ে ওঠার দলিল এটি। নাটকের উদ্বোধন করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী ও সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।কেন্দ্রীয় চরিত্রে ‘সৌদামিনী’ আপাতদৃষ্টিতে চিরন্তন এক বাঙালি সংসারি নারী। কিন্তু নাটকের কাহিনি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন অসাধারণ। তাঁর স্বামী ডাকাত ভেবে খুঁজে বেড়াচ্ছেন বিপ্লবী অনিলকে। অন্যদিকে তিনি স্বামীর অগোচরে সহযোগিতা করে চলছেন বিপ্লবী অনিলকে। কর্তব্যের কাছে অনেক সময় যে সাংসারিক প্রেমবন্ধন তুচ্ছ হয়ে যায়, সৌদামিনী ও তাঁর স্বামীর মধ্যে নৈতিক দ্বন্দ্বের ভেতর দিয়ে সে বিষয়টিই উঠে এসেছে এই নাটকে। বদনাম সংলাপ থিয়েটারের ২৩তম প্রযোজনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাবীব, খোকন, রানা, মোনালিসা, লাকী, পপি, টুম্পা, মাইনুল, জুয়েল, রঞ্জিত, শাকিল, হীরা প্রমুখ।