'বয়হুড'-এর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা অভিনেত্রী (ড্রামা) জুলিয়ান মুর
সেরা অভিনেত্রী (ড্রামা) জুলিয়ান মুর

বয়হুড নাকি বার্ডম্যান? কে করবে বাজিমাত? আলোচনার ঝড়টা ছিল মূলত এ দুই ছবিকে ঘিরেই। শেষ পর্যন্ত ‘অস্কারের আভাস’ হিসেবে বিবেচিত গোল্ডেন গ্লোব আসরে বাজিমাত করল বয়হুড। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭২তম আসর।

সেরা ছবি (ড্রামা) আর সেরা পরিচালকসহ মোট তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে রিচার্ড লিংক্লাটার পরিচালিত বয়হুড। অন্যদিকে সেরা ছবি (কমেডি/মিউজিক্যাল) বিভাগে জয়ী হয়েছে দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল। পুরস্কার জেতার দৌড়ে আরও ছিল বার্ডম্যান ও দ্য থিওরি অব এভরিথিং, দুটি ছবিই জিতেছে দুটি করে গোল্ডেন গ্লোবস।

এবারের আসরে সেরা অভিনেত্রীর (ড্রামা) পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর, তাঁর স্টিল এলিস ছবির জন্য। আর বিগ আইস ছবির ম্যারগারেট চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী (কমেডি/মিউজিক্যাল) বিভাগে বিজয়ী হয়েছেন অ্যামি অ্যাডামস। স্টিফেন হকিংয়ের ভূমিকায় অভিনয় করে এ বছরের সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার গেছে এডি রেডম্যায়নের ঝুলিতে। অন্যদিকে বার্ডম্যান ছবির জন্য মাইকেল কিটন জিতেছেন সেরা অভিনেতার (কমেডি/মিউজিক্যাল) পুরস্কার। একই ছবির ঘরে গেছে সেরা চিত্রনাট্যের গোল্ডেন গ্লোবটিও।

সেরা অভিনেতা (ড্রামা) এডি রেডম্যায়ন
সেরা অভিনেতা (ড্রামা) এডি রেডম্যায়ন


পার্শ্ব অভিনেতা বিভাগে হুইপল্যাশ ছবির জন্য সেরা হয়েছেন জে কে সিমনস। অন্যদিকে বয়হুড ছবিতে অলিভিয়া ইভানস চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর গোল্ডেন গ্লোব জিতেছেন প্যাট্রিসিয়া আরকেত্তে।

হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু জিতেছে সেরা অ্যানিমেটেড ছবির পদক। আর সেরা বিদেশি ভাষার ছবির গোল্ডেন গ্লোব জিতেছে রাশিয়ার ছবি লেভিয়াথান।টেলিভিশন থেকে সেরা হয়েছে মিনি সিরিজ ‘ফার্গো’,টিভি সিরিজ (ড্রামা) ‘দ্য অ্যাফেয়ার’ও টিভি সিরিজ (কমেডি/মিউজিক্যাল) ট্রান্সপারেন্ট। অভিনেতা জর্জ ক্লুনিকে এ বছর দেওয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার।