'বর্তমান নিয়ে ভালো আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান
খালেদ খান

খালেদ খান। অভিনয়শিল্পী। গত শতকের আশির দশকে বিটিভিতে তিনি অভিনয় করেছিলেন ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রিতে। নাটকটি এখন পুনঃপ্রচার করা হচ্ছে।
কেমন আছেন?
এই তো, ভালোই আছি।
কী করছেন আজকাল?
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের প্রশাসন বিভাগে আছি। ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি।
‘এইসব দিনরাত্রি’, সেইসব স্মৃতি...
সে তো অনেক আগের কথা। এখনো টিভির ভালো নাটক নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবেই এইসব দিনরাত্রি নাটকের নাম চলে আসে। নাটকে আমরা যে দলটা কাজ করেছিলাম, সবাই খুব ভালো বন্ধু ছিলাম। নাটকে প্রচুর হাস্যরসের উপাদান ছিল। আর আমরাও খুব সিরিয়াসলি কাজটি করেছিলাম।
এবং হুমায়ূন আহমেদ...
নাট্যকার হিসেবে হুমায়ূন আহমেদ তখনো বিখ্যাত হয়ে ওঠেননি। তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়টা মনে আছে। মোস্তাফিজুর রহমানের (এইসব দিনরাত্রির প্রযোজক) রুমে দেখলাম, ছোটখাটো একজন মানুষ চুপচাপ বসে আছেন। মোস্তাফিজুর রহমান আমাকে পরিচয় করিয়ে দিলেন। হুমায়ূন আহমেদ বেশি কিছু বলেছিলেন বলে মনে পড়ে না। আমাদের মহড়ার সময় তিনি গম্ভীর মুখে বসে থাকতেন। এ রকম গম্ভীর একটা মানুষ এতো মজার সংলাপ লিখতে পারেন, আমার কেন যেন বিশ্বাস হতো না!
নাটকটি নিয়ে দর্শকের উন্মাদনা...
নাটকটা সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, আমার মনে হয় এখনো সমান জনপ্রিয়। নাটকেরই একটা চরিত্র, ছোট্ট মেয়েটা যখন মারা গেল, দর্শক খুব প্রতিক্রিয়া দেখিয়েছিল। নাটকের একটা চরিত্রের প্রতি মানুষের এই ভালোবাসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

একসময় টিভিতে, মঞ্চে ব্যস্ত সময় কাটিয়েছেন। রবীন্দ্রসংগীত, মঞ্চে অভিনয়, টিভি নাটক—‘মিস’ করেন?

খুব স্বাভাবিক উত্তর, ‘মিস’ করি। অসুস্থতার কারণে এখন আর কোনোটাই করা হয় না। তবে এটাও বিশ্বাস করি, মানুষের জীবনে ‘গতকাল’ কিংবা ‘আগামীকাল’ বলে কিছু নেই। মানুষের বেঁচে থাকাটা আজকের জন্য। বর্তমান নিয়ে ভালো আছি।

মো. সাইফুল্লাহ