'বর্ষবরণ অনুষ্ঠানের ৪৭ বছর পূর্তি হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খায়রুল আনাম শাকিল। ছায়ানটের সাধারণ সম্পাদক। আজ পয়লা বৈশাখ। ভোর সোয়া ছয়টায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। আজকের আয়োজন নিয়ে কথা হলো খায়রুল আনাম শাকিলের সঙ্গে

খায়রুল আনাম শাকিল
খায়রুল আনাম শাকিল

ছায়ানটের এবারের বর্ষবরণ ভাবনা...
আমাদের এবারের বর্ষবরণের ভাবনা ‘সম্প্রতি ও স্বদেশ’। আমাদের বর্ষবরণের অনুষ্ঠানে বরাবরই ‘স্বদেশ’ ভাবনার গান দিয়ে সাজাই, কিন্তু এবার তার সঙ্গে যোগ করেছি ‘সম্প্রীতি’। দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি এখন সম্প্রীতির খুব বেশি প্রয়োজন। সবার মধ্যে আত্মার বন্ধন তৈরি হতে হবে। এর ফলে রাজনৈতিক সহিংসতা, হানাহানি দূর করা সম্ভব হবে।
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান...
সরোদের আহির-ভৈরব সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। পরে গান আর কথায় বাংলা আর বাঙালির অন্তরের কথা ফুটিয়ে তোলা হবে। বাজাবেন-গাইবেন-বলবেন অতিথি শিল্পী এবং ছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষার্থী, শিক্ষক আর শিল্পীরা। সবশেষে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন কিছু বলবেন।
নতুন গান...
কলকাতার ঠাকুরবাড়ির ঠাকুর পরিবারের গান রাখা হয়েছে। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গেই সবাই পরিচিত, কিন্তু ঠাকুর পরিবারের আরও অনেকেই গান লিখেছেন। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সৌমেন্দ্রনাথ ঠাকুরের গান রয়েছে। এই গানগুলো খুব একটা শোনা যায় না।
মঞ্চ পরিকল্পনা...
এবার মঞ্চকে মাটির রং দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে থাকছে আলপনা।
বর্ষবরণ আয়োজনের ৫০ বছর...
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছিল ১৯৬৭ সালে। এবার বর্ষবরণ অনুষ্ঠানের ৪৭ বছর পূর্তি হচ্ছে। এরই মধ্যে ছায়ানট ও ছায়ানট সংগীত বিদ্যায়তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠান করেছি। সামনে বর্ষবরণ আয়োজনেরও ৫০ বছর পূর্তি হবে। হাতে এখনো যথেষ্ট সময় আছে। তাই পরিকল্পনা করে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই আয়োজনটি করতে চাই।
বিনোদন প্রতিবেদক