'বলা যাবে না, সিক্রেট!'

ক্যানটিনের সামনে দাঁড়িয়ে। হঠাৎ ঢিশুম...ঢিশুম...ইয়া ঢিশুম শব্দ কানে আসে। এফডিসিতে মারপিটের শব্দ শুনলেই বুঝে নিতে হবে—শুটিং চলছে। মারপিটের শব্দ কোন দিক থেকে আসছে শুরুতে আন্দাজ করা গেল না। পাশেই একজন বললেন, ‘কড়ইতলায় শুটিং চলছে।’ গত শুক্রবার রাতে বিএফডিসির জেনারেটর রুমের ওপর থেকে তাকিয়ে দেখি কড়ইগাছটি আলোকময়।
আলোকচিত্র কার্যালয়ের চাপা গলির পাশ থেকে এগিয়ে যাই সেই দিকে। গিয়েই চোখ কপালে। পুরো কড়ইতলায় খাবারের বিরাট রেস্তোরাঁ। এখানে হঠাৎ কবে এটা চালু হলো কে জানে! রেস্তোরাঁর সামনে ভাত, মাছ, মাংস সবজি সবই আছে। ভেতরে উঁকি দিতেই বিষয়টি পরিষ্কার হলো। মনিটর, লাইট ও ক্যামেরা সাজিয়ে নেওয়ার কাজ চলছে। একজন ইউনিট কর্মী জানালেন, ‘প্রেমী ও প্রেমী’ ছবির অ্যাকশন দৃশ্য নেওয়া হবে। কিন্তু পরিচালক, ছবির শিল্পী, কলাকুশলী কাউকেই দেখা যাচ্ছে না।
একটু দূরে মানুষের জটলা। এবার সেদিকটাতে এগিয়ে যাই। সেখানে পাওয়া যায় পরিচালক জাকির হোসেন রাজু, নায়ক আরিফিন শুভ ও নায়িকা ফারিয়াকে। লোকেশন প্রস্তুতির ফাঁকে আড্ডা দিচ্ছেন তাঁরা। তাঁদের চারপাশেই উৎসুক মানুষের ভিড়। ভিড় ঠেলে জটলার মধ্যে গিয়ে ঢুকি। মুঠোফোনে ফারিয়াকে কী যেন দেখাচ্ছিলেন শুভ। চোখাচোখি হতেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন। জানতে চাই, ‘এত মনোযোগ দিয়ে ফোনে কী দেখাচ্ছিলেন?’ মৃদু হেসে শুভ বললেন, ‘বলা যাবে না। সিক্রেট!’
এরই মধ্যে একজন ইউনিট কর্মী এসে জানান, লোকেশন প্রস্তুত। শুভ উঠে দাঁড়াতে গিয়ে চেয়ারের পাশে রাখা চায়ের কাপ পড়ে ভেঙে যায়। শুভ বলে ওঠেন, সব দোষ ফারিয়ার। ওর জন্যই কাপটা ভাঙল!’ হাসতে হাসতে ফারিয়া বলেন, ‘তুমি একটা বড় কুফা। হা হা হা...।’ সে হাসি ছড়িয়ে গেল চারপাশে।
এক্ষুনি যে দৃশ্যটির শুটিং হবে, সেটা জানতে চাইলে পরিচালক বলেন, ‘শুভ খাবার জন্য হোটেলে ঢুকবে। ফারিয়ার জিনিসপত্র কেড়ে নেওয়ার জন্য সেখানে কয়েকজন গুন্ডাও থাকবে। গুন্ডাদের পিটিয়ে তাদের কাছ থেকে জিনিসগুলো উদ্ধার করে দেবেন শুভ। সেই লড়াইয়ের দৃশ্যটাই শুট হবে।’
রেস্তোরাঁর ভেতরে ক্যামেরার সামনে যার যার জায়গায় দাঁড়িয়ে গেলেন সবাই। লাইট-ক্যামেরা সবই প্রস্তুত। অ্যাকশন বললেই শুরু হবে লড়াই। হইহুল্লোড়, মারামারিতে লোকেশন গরম থাকলেও বাইরের পরিবেশ ততক্ষণে শান্ত হয়ে এসেছে। রাত গড়িয়েছে অনেকখানি। এফডিসির সামনের নিয়ন আলোর রাস্তাও অনেকটা ফাঁকা হয়ে এসেছে।