
সৈয়দ শামসুল হকের কাব্য নাটক নূরলদীনের সারাজীবন, উপন্যাস নিষিদ্ধ লোবান এবং তাঁর প্রথম রচিত কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায়—এই তিন রচনার সমন্বয়ে নাট্য ত্রিভুজ, বহ্নি বিসর্জন ব-দ্বীপ। সম্প্রতি উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে দেখার সুযোগ আমার হয়েছে এবং এই দর্শন আমাকে তৃপ্ত করেছে। উল্লেখ্য, সৈয়দ শামসুল হকের অমর সৃষ্টি পায়ের আওয়াজ পাওয়া যায় ও নূরলদীনের সারাজীবন বাংলাদেশের প্রথম সারির দুটি নাট্যদলের প্রযোজনা দেশে ও দেশের বাইরের দর্শকদের মন জয় করে নিয়েছিল। বাংলা সাহিত্যের গৌরব সৈয়দ শামসুল হক সোনার কলম নিয়ে জন্মেছিলেন, কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই; হয়েছেন অসীমের যাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাটকের সার্থক প্রযোজনার মাধ্যমে বাংলা ভাষার এই অনন্য লেখকের স্মৃতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পেরেছে।
বহ্নি বিসর্জন ব-দ্বীপ পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন বিভাগীয় শিক্ষক আহমেদুল কবির। তাঁর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সব শিক্ষক। এই বিভাগের শিক্ষক শাহমান মৈশান পারঙ্গমতার সঙ্গে সৈয়দ হকের দুটি নাটক একটি উপন্যাসকে একসূত্রে গ্রথিত করতে সক্ষম হয়েছেন। উল্লিখিত তিনটি রচনাতেই মানবমুক্তি, স্বাধীনতা, জাত্যভিমান, মুক্তবুদ্ধিসহ যাপিত জীবনের একাধিক মৌল প্রশ্ন উত্থাপিত হয়েছে। পরিকল্পক, নির্দেশক ও আখ্যান সংযোজক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধসহ আমাদের জীবনের সংগ্রামের চিত্রকে অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রয়াসকে মনোগ্রাহী করে চিত্রিত করেছেন। তিনটি নাট্যের ব্যাপ্তিকাল এক ঘণ্টা বিশ মিনিটের মতো হবে। সৈয়দ হকের এই তিনটি রচনারই নির্যাস অংশগুলো চয়ন করে একসুতায় দক্ষতার সঙ্গে গাঁথা হয়েছে। নাট্য প্রযোজনা এতই চিত্তাকর্ষক যে অভিনয়ে সময় কোথা দিয়ে চলে যায়, তা দর্শকেরা টেরও পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের প্রধানত তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এই নাট্য প্রযোজনায় অংশ করেছেন। দৈহিক ও বাচিক অভিনয়ে অভিনেতা-অভিনেত্রীদের বিভাজন করা অথবা আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হয় না। সাদা রঙের ট্র্যাক স্যুট পরিহিত মঞ্চ কুশীলবদের দলগত অভিনয়, মঞ্চ-অভিযাত্রা (ব্লকিং), বাচিক অভিনয়সহ সামগ্রিকভাবে যথার্থ কারিগরি সহযোগিতা মিলেমিশে এক অনাস্বাদিত নাট্য সিম্ফোনির সৃষ্টি করে। এই নাটকের নির্দেশক, আখ্যান সংযোজক, মঞ্চ আলো ও পোশাক পরিকল্পনাকারী, সংগীত ও রূপসজ্জা পরিকল্পনাকারী সবাইকে সাধুবাদ জানাতে হয়। আমি বিশেষভাবে লক্ষ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সব বর্ষের ছাত্রছাত্রী এবং জ্যেষ্ঠ ও নবীন শিক্ষকদের মধ্যে সামগ্রিকভাবে যে চমৎকার সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বিদ্যমান, তাতে এই বিভাগের পক্ষে যেকোনো নাট্য প্রযোজনাকে মনোগ্রাহী ও দর্শকপ্রিয় করে তোলা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সব ছাত্র-শিক্ষকের প্রতি আমি আমার সপ্রশংসা অনুভূতি ব্যক্ত করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মিষ্ঠ ও সপ্রাণ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী নাট্যকলাসহ শিল্পকলাকে যেভাবে সহযোগিতা করে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিল্পকলার সংশ্লেষ ছাড়া সব বিদ্যাই অসম্পূর্ণ থেকে যায়; এই বোধের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সজাগ রয়েছে। জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের; জয় হোক এই বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের। আমি বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাট্যের ব্যাপক প্রচার ও প্রসার প্রত্যাশা করি।
লেখক: নাট্যনির্দেশক