পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। প্রবাদপ্রতীম বংশিবাদক। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় দিন শনিবার দিবাগত রাতে বাঁশি বাজিয়েছেন তিনি। আয়োজকদের মতে, তাঁর পরিবেশনার সময় উৎসব মঞ্চের সামনে প্রায় ৩২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। গতকাল রোববার সকালে ঢাকার একটি হোটেলে নিজের কক্ষে বসে প্রথম আলোকে এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে পরিবেশনার পর...
আমি মুগ্ধ! ৬০ বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজিয়েছি। কিন্তু বাংলাদেশের মতো এত ভালো শ্রোতা আমার জীবনে পাইনি। যেখানে উৎসাহিত করা দরকার, তাঁরা ঠিক সেখানেই উৎসাহ দিয়েছেন। আরেকটা বিষয়, উচ্চাঙ্গসংগীতের এমন সুশৃঙ্খল সম্মেলন আর কোথাও দেখিনি। ব্যবস্থাপনা থেকে শুরু করে গাইয়ে, বাজিয়ে, শ্রোতা—সবার মধ্যে কখন যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে!
অনুষ্ঠানের শেষ পরিবেশনা হিসেবে আপনি রাগ প্রভাতেশ্বর, ললিত এবং সব শেষে কীর্তনের সুর তুলেছিলেন বাঁশিতে...
হ্যাঁ, যেহেতু আমার পরিবেশনা ছিল শেষ রাতে, ভোর হয় হয় মুহূর্তে; তাই পরিবেশনার মধ্যে ভোরের আবহ রেখেছিলাম। পুরো অনুষ্ঠানে আমরা ছিলাম একটা পরিবারের মতো। মনে হচ্ছিল, ছোট একটা পরিবার থেকে বেরিয়ে বড় পরিবারের মধ্যে এসে পড়েছি। ফলে এই রাগগুলোর ভেতর দিয়ে আমাদের পরিবারের সব সদস্যের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চেয়েছি। বলেছি, ঈশ্বর কোথাও যদি থাকেন তো আসুন।
চাকরি করছি...
প্রথম বাঁশি হাতে নিয়েছিলাম সাড়ে আট বছর বয়সে। থাকতাম এলাহবাদে, আমাদের গ্রামের বাড়িতে। আমরা খুব গরিব ছিলাম। বাঁশির দাম ছিল সস্তা—আট আনা মাত্র। সেই যে বাঁশি হাতে তুললাম, আর ছাড়তে পারিনি। মনে হয়, বাঁশি বাজানোই আমার চাকরি—ঈশ্বর আমাকে বলেছেন, ‘তুমি এই চাকরি করো।’ আমি চাকরি করছি।
বাঁশরিয়া বাজাও বাঁশি...
যখন বাঁশি বাজাই, তখন আসলে আমি ধ্যান করি। ভাসতে থাকি সুরের ভেতর। বাঁশি গ্রামে তৈরি হয়, সহজলভ্যও বটে। এ জন্য আমি চাইব, সবাই যেন এই বাদ্যযন্ত্রটি শেখেন। আর যদি শিখতে না পারেন, তাহলে যেন শোনেন অন্তত।
বাংলাদেশের যা ভালো লাগে...
বাংলাদেশের লোকগান। আর ভালো লাগে সংগীত নিয়ে এ দেশের মানুষের ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা। আরেকটি কথা বলি—বাংলাদেশের পদ্মার ইলিশ, বাগদা চিংড়ি ও মিষ্টির স্বাদ জীবনে ভুলব না—এগুলো আমার খুব প্রিয়।
সাক্ষাৎকার নিয়েছেন: আলতাফ শাহনেওয়াজ, ছবি তুলেছেন খালেদ সরকার