‘বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’র যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতশিল্পীদের আরও একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল বুধবার সকালে ‘বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা’ নামে নতুন এ সংগঠনটির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সদস্যরা বলছেন, আদি সুরে নজরুলসংগীতের চর্চা ও নতুন প্রজন্মের কাছে জাতীয় কবিকে ‘অখণ্ডভাবে উপস্থাপন’ করতেই এ উদ্যোগ। বুধবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন এর সাধারণ সম্পাদক খায়রুল আনাম। এ সময় সংগঠনের উপদেষ্টা সংগীতজ্ঞ সুধীন দাশ, সভাপতি খালিদ হোসেন, নির্বাহী সদস্য সালাহউদ্দীন আহমেদ, লীনা তাপসী খান, জোসেফ কমল রড্রিক্স, ইয়াকুব আলী খান, নজরুল পরিবারের সদস্য খিলখিল কাজী প্রমুখ উপস্থিত ছিলেন। মূল বক্তব্যে খায়রুল আনাম বলেন, ‘নজরুলের গানের মূল সুরের চর্চা করাই হবে আমাদের কাজ। তাঁর গানের সুর ও বাণীর মধ্যে সঠিক সমন্বয় সাধন করা চাই। বিশেষ করে নবীন শিল্পীদের কণ্ঠে অবিকৃতভাবে নজরুলের গান তুলে দেওয়ার কাজটি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। খণ্ডিত নয় বরং পূর্ণাঙ্গরূপে তুলে ধরা হবে নজরুলকে।’নতুন সংগঠন করা প্রসঙ্গে সুধীন দাশ বলেন, ‘সংগঠন বাড়লে চর্চা বাড়বে। পরিষদের শিল্পীরা ওদের মতো করে চর্চা করবে। আমরা চর্চা করব আমাদের মতো করে। ‘স্বরলিপিই নজরুলের গানের শুদ্ধ চর্চার সবচেয়ে বড় অবলম্বন’ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা একেই মূল আশ্রয় করবে।এদিকে সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সালাহউদ্দীন আহমেদ, জোসেফ কমল রড্রিক্স, লীনা তাপসী, খায়রুল আনাম ও ইয়াকুব আলী খানকে নজরুলসংগীত শিল্পী পরিষদের প্রাথমিক এবং সব সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।