
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন বসে আছেন একটি হুডখোলা গাড়িতে। তাঁর দৃষ্টি সামনের দিকে। পাশেই বসা পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, তাকিয়ে আছেন পেছনের দিকে। নিচে লেখা, বাংলাদেশ: নো লুকিং ব্যাক। এটি ছিল ১৭ ডিসেম্বর ১৯৭১-এ ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ ম্যাগাজিনের প্রচ্ছদ।
ছবিটি দেখা যাবে তাজউদ্দীনের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টায়। প্রদর্শনীর উপলক্ষ তাঁর ৯০তম জন্মদিন।
প্রদর্শনীটি হচ্ছে ৭৫১ সাত মসজিদ রোড, গ্যালারি টোয়েন্টি ওয়ানে। তাজউদ্দীন আহমদের বাসভবন ছিল এখানে। ৩ নভেম্বর ১৯৭৫-এ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যার দুদিন পর এখানেই তাঁকে নিয়ে আসা হয়েছিল। তাঁর নিথর দেহের ছবিটিও দেখা যাবে প্রদর্শনীতে। আরও দেখা যাবে তাঁর ছাত্রজীবনের ছবি। পরে রাজনীতিতে জড়িয়ে পড়া, ষাটের দশকের বিভিন্ন আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদান, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে সফল নেতৃত্বদান, বিজয়ীর বেশে দেশে ফেরা, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর কাছ থেকে মন্ত্রিত্বের শপথগ্রহণ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ছবিগুলোও প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। রয়েছে কিছু পারিবারিক ছবিও। আলোকচিত্রশিল্পী রশিদ তালুকদার, গোলাম মাওলা, মোহাম্মদ আলম, মঞ্জুরুল আলম বেগ, কামরুল হুদা, মনোয়ার হোসেন, জাহিরুল হক, আফতাব আহম্মেদ, আব্দুল হামিদ রায়হান ও পাভেল রহমান ছবিগুলো ধারণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাজউদ্দীনের চারিত্রিক দৃঢ়তা, দেশের প্রতি ভালোবাসা, মানুষকে ভালোবাসার অসাধারণ গুণগুলো খুব কাছ থেকে দেখেছি। তিনি রাজনীতি করেছেন, কিন্তু সেখানে নীতি ছিল।’ এ সময় উপস্থিত ছিলেন তাজউদ্দীন কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও গ্যালারির উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা।