‘বাংলাদেশ পৃথিবীর যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে’
নিজেদের চির চেনা মাঠে বিশ্বকাপের দশম আসরের উদ্বোধনী দিনে আজ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। পুরো দেশ এখন ভাসছে বিশ্বকাপের জোয়ারে, গোটা জাতি উদ্বেলিত বিশ্বকাপের উন্মাদনায়। স্বাগতিক দেশ বাংলাদেশ হওয়ায় বিশ্বকাপ নিয়ে উত্সাহ-উদ্দীপনা এখন ঘরে ঘরে। সাধারণ মানুষের পাশাপাশি এ উন্মাদনা ছুঁয়ে গেছে দেশের বিনোদন জগতের তারকাদেরও। তাঁরাও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন, বাংলাদেশ-ভারতের ম্যাচের জন্য। জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও আজকের ম্যাচ নিয়ে দারুণ উত্তেজিত। সেই সঙ্গে তিনি আশাবাদী, আজ বাংলাদেশ ভারতকে হারিয়ে শুভ সূচনা করবে। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তারা পৃথিবীর যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। বাংলাদেশ দল কী খেলবে, কেমন হবে কিংবা হতে পারে, সেটা অনুমান করার সময় এখন আর নেই।’ বাংলাদেশ দলকে ভারতীয় মিডিয়া যতই ‘মিনোজ’ হিসেবে অভিহিত করুক; সেটা তারা নিজেদের দুর্বলতা ঢাকতেই করছে বলে মনে করেন সুবর্ণা। তিনি বলেন, ‘ভারতের মিডিয়া যতই বাংলাদেশকে মিনোজ হিসেবে অভিহিত করুক, আমি বলব, ওটা ওদের নিজেদের বুস্টআপ করার ব্যাপার। আমরা বাংলাদেশকে নিয়ে রিকি পন্টিং, স্ট্রাউস, গ্রায়েম স্মিথ ও সাঙ্গাকারা—এঁদের মন্তব্য যদি শুনি; তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ সম্পর্কে তাঁরা অনেক বেশি সতর্ক।’অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে সুবর্ণার অভিমত, ‘সাকিব খুবই ঠান্ডা মাথার ক্রিকেটার। যখন জ্বলে ওঠার প্রয়োজন ঠিক তখনই জ্বলে ওঠে। সাকিবকে দেখলে এও মনে হয়, ক্রিকেট নিয়েই তাঁর যত ব্যস্ততা, চিন্তা-ভাবনা।’আশরাফুল একজন দুর্দান্ত ক্রিকেটার হলেও সে কখনো নিজের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বলেই ধারণা সুবর্ণার। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে রাগ লাগে আশরাফুলের ব্যাপারে। আমি মনে করি, এটা শুধু আমার না, অনেকেরই রাগ। দক্ষতার বিষয় নিয়ে যদি কথা বলতে হয়, আশরাফুল বিশ্বের সেরা পাঁচটা ব্যাটসম্যানের একজন। কিন্তু তার এক্সিকিউশনটা থাকে অনেক কম। এদিকে ইতিহাসও বলে ভিন্ন কথা। বাংলাদেশের যে কোনো বড় ম্যাচে আশরাফুলের থাকে ম্যাচ বিজয়ী পারফরমেন্স। আমার কাছে প্রায়ই মনে হয়, আশরাফুল নিজের ক্ষমতাটা সম্পর্কে অবগত নয়।’ভারতের বিপক্ষে ম্যাচটি অসাধারণ হবে বলে মনে করেন সুবর্ণা। তাঁর মতে, ‘আশরাফুল, সাকিব, তামিম, ইমরুল এমনকি মুশফিকুর রহিমের ব্যাট যদি কথা বলে এবং বোলাররা যদি ঠিকমতো তাদের কাজগুলো করতে পারে, নিঃসন্দেহে এটা আমার কাছে মনে হয় অসাধারণ একটি খেলা হবে।’ সুবর্ণা আরও বলেন, ‘আমার মনে হয়, হোমগ্রাউন্ডের সুবিধা এবং দেশের পুরো পরিবেশটা বাংলাদেশেরই অনুকূলে। তাদের কোনো ধরনের মানসিক চাপ নেওয়া চলবে না। তাদের উচিত হবে শুধু খেলে যাওয়া। আমি মনে করি, আজকের যতসব দুশ্চিন্তা সব কিছু ভারতের ঝুলিতে। ওদের দিকে যদি তাকাই, তারা চার বছর আগে বিশ্বকাপে হারার বদলা নেওয়ার নেশায় মত্ত। যতই কিছু হোক, বাংলাদেশ ক্রিকেট দলকে এখন সবাই সম্মান করে কথা বলতে হয়। এই ভারতীয় দলই একসময় আমাদের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস নিয়ে বিভিন্ন কথা বলেছিল। সেটার জবাবও তারা পাচ্ছে বলে আমার মনে হয়। তবে সব কিছুর পর আমি চাইব বাংলাদেশ আজকের খেলায় তাদের প্রাপ্য বিজয়টা ছিনিয়ে আনবে। তার চেয়েও বেশি করে চাইব, সবাই যেন পরিচ্ছন্ন খেলাটাই খেলে।’বিশ্বকাপের অন্য দল সম্পর্কে সুবর্ণা বলেন, ‘বাংলাদেশের বাইরে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার খেলা আমার অনেক ভালো লাগে। অস্ট্রেলিয়া সঠিকভাবে খেললেও কেন জানি তাদের খেলা আমার কখানোই ভালো লাগে না।’