'বাংলাদেশি হলে কলকাতার ওরা এমনটাই করে'

পূজা উপলক্ষে ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ককপিট’। কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ও প্রযোজিত এই সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক রোশান। দেশের বাইরে সিনেমা মুক্তিতে তরুণ নায়ক রোশানের যেখানে আনন্দিত হওয়ার কথা, সেখানে উল্টো মর্মাহত তিনি। আজ শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে রোশান মর্মাহত হওয়ার কারণের পাশাপাশি তাঁর ক্ষোভের কথা প্রকাশ করেন।
সিনেমা মুক্তির আগে খুশির বদলে মর্মাহত হলেন কেন?
‘ককপিট’ সিনেমায় আমি কিন্তু আনন্দ নিয়েই কাজ করেছি। এই সিনেমায় কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কিন্তু টিজার আর ট্রেলার প্রকাশের পর কষ্ট পেয়েছি। আমার মনে হয়েছে, ‘ককপিট’-এ আমার এত বড় আর গুরুত্বপূর্ণ চরিত্রটি যেন টিজারে হারিয়েই গেল। জানি না দাদা (দেব) এটা কেন করলেন! এমনটি হওয়ার তো কথা ছিল না! ধরে নিচ্ছি, এমনটাই হয়। ‘ককপিট’ আমারও সিনেমা—এটা বলার মতো অবস্থা নেই। যাহোক, আমি তাঁকে ভালোবাসি, যেটা ফিল্মের জন্য কমে যাবে না। ‘ককপিট’-এর জন্য শুভকামনা। খুব ভালো মুভি।
শুটিংয়ের সময় দেবের সঙ্গে কী কথা হয়েছিল?
‘ককপিট’ সিনেমায় আমার আর দেব দাদার চরিত্র কিন্তু সমানভাবে এগিয়েছে। সে হিসেবে সবকিছুতে আমার উপস্থিতি তো সমান্তরাল থাকা উচিত। আমি শুটিংয়ের সময় দাদাকে বলেছিলাম, মুক্তির আগে প্রচারণায় সময় যেন আমাকে গুরুত্ব দেওয়া হয়। পোস্টারে নাম যেন ঠিকভাবে দেওয়া হয়। তিনি আমাকে বলেছিলেন, ‘চাপ নিয়ো না, আমি দেখে দেব।’ কিন্তু তা তিনি করলেন না।

কেন?
বাংলাদেশি হলে কলকাতার ওরা এমনটাই করে। এর অনেক প্রমাণ আছে। এই তো কিছুদিন আগে ‘ইয়েতি অভিযান’ সিনেমার ক্ষেত্রে টিজার, ট্রেলার আর অন্যান্য প্রচারণায় ফেরদৌস ভাই (চিত্রনায়ক ফেরদৌস) ও মিমের সঙ্গে তারা একই কাজ করেছে।
‘ককপিট’ সিনেমার শুটিং করেছিলেন কোথায়?
ভারতের কলকাতা, দুর্গাপুর, মুম্বাইয়ের ছত্রপতি বিমানবন্দরে কাজ করেছি। একেবারে অন্য রকম অভিজ্ঞতা হলো। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
নতুন কী কাজ করছেন?
এই মুহূর্তে আমার ভাবনাচিন্তা ‘বেপরোয়া’ সিনেমাকে ঘিরে। সপ্তাহ দেড়েক পর ভারতের হায়দরাবাদে নতুন লটের কাজ শুরু হবে। এই সিনেমার জন্য আমি কারাতে শিখেছি। অভিনয়ের গ্রুমিং করতে হয়েছে। নাচের প্রশিক্ষণও নিয়েছি।