'বাংলাদেশে এটা আমার প্রথম ঈদ'

‘আগের ঈদগুলো সব রাশিয়ায় করতাম। এবারই প্রথম দেশে। সেই হিসেবে বাংলাদেশে এটা আমার প্রথম ঈদ।’ বলছিলেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হৃদি শেখ। প্রতিযোগিতা শেষ হয়েছে এ বছরের মে মাসে। তারপর থেকে দেশেই আছেন তিনি। ঘটা করে মা–বাবার সঙ্গে ঈদও উদ্যাপন করলেন হৃদি।
বললেন, ‘ঈদের দিন পরিবারের সঙ্গে কাটিয়েছি। পরের দুদিন বন্ধুদের সঙ্গে। দারুণ সময় কেটেছে। এবারের ঈদটা আমার সারা জীবন মনে থাকবে।’
রাশিয়ায় বড় হওয়া হৃদি জানালেন, এরই মধ্যে এ দেশে তাঁর কিছু বন্ধুও হয়েছে। তাঁদের নিয়েই কাটিয়েছেন ঈদের দুদিন।
এবারের ঈদে একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। ‘হাত বাড়িয়ে দাও’ নামের টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার করা হয়েছে ঈদের দিন। সেটিও দেখেছেন। বললেন, ‘টেলিছবির পাশাপাশি আমি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছি। সেগুলোও প্রচার করা হয়েছে। অনেকেই প্রশংসা করেছে। ভালো লেগেছে।’
বেশ কয়েকটি নাটকে অভিনয়ের ব্যাপারে কথাও চূড়ান্ত হয়েছে তাঁর। এ সপ্তাহে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। শুটিং শেষে যাবেন রাশিয়ায়। সেখানে মাস খানেক কাটিয়ে আবার দেশে ফিরবেন সেরা নাচিয়েতে সেরা হওয়া হৃদি শেখ।