‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ কলকাতায় প্রশংসিত
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় কলকাতার রোটারি সদন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উপ-হাইকমিশন। এখানে গান গেয়েছেন বাংলাদেশের চঞ্চল খান ও তানজিনা পারভিন এবং কলকাতার শিল্পী প্রবুদ্ধ রাহা, সুপর্ণা নাথ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও ছিলেন শাঁওলি মিত্র, বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, মাহাবুব হাসানসহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে চঞ্চল খান পরিচালিত তথ্যচিত্র বাংলাদেশে রবীন্দ্রনাথ: পথ চাওয়াতেই আনন্দ দেখানো হয়। ৪৫ মিনিট সময়ের এই তথ্যচিত্রে রয়েছে ১৮৮৯ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত বাংলাদেশের শিলাইদহ, পতিসর, বরিশাল, চট্টগ্রাম, পাবনা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর ও নারায়ণগঞ্জে অবস্থান নিয়ে নানা কিছু। দর্শক তথ্যচিত্রটির ভূয়সী প্রশংসা করেন।