
রাইমা সেন । ভারতের বাংলা ও হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন তিনি। দুপুরে রাজধানীর কনভেনশন সেন্টারে একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের প্রচারণায় অংশ নেন তিনি। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে বলিউডের নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রতর ছবি যুদ্ধশিশু । এই ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। বললেন এই ছবিটি নিয়েও। বিকেলে তিনি ফিরে যান কলকাতায়।
বাংলাদেশে এসে কেমন লাগছে?
খুবই ভালো লাগছে। পাঁচ-ছয় বছর পর বাংলাদেশে এলাম।
এবারই প্রথম বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন?
হ্যাঁ, লিজান মেহেদীর একটি পণ্য। এবারই প্রথম বাংলাদেশের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি।
আপনি একসময় মুম্বাইয়ের ছবিতে কাজ করেছেন। ইদানীং টালিগঞ্জের ছবিতে আপনাকে বেশি দেখা যাচ্ছে।
এখন কিন্তু অনেক ভালো বাংলা ছবি হচ্ছে। ভালো ভালো নির্মাতার ছবিতে কাজ করতে পারছি। কিন্তু মুম্বাইয়ের ছবির কাজ যে বাদ দিয়েছি, তেমনটা নয়। মুম্বাইয়ে আমার একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে।
বাংলাদেশের একটি ছবিতে আপনার কাজ করার কথা শুনেছি।
ঠিকই শুনেছেন। বাংলাদেশের ছবিতে অভিনয় করব। নাম সদরঘাট৷ ছবিটির কাজ হবে আগামী বছর।
ঢাকার দর্শকেরা সম্প্রতি আপনার অভিনীত ‘যুদ্ধশিশু’ ছবিটি দেখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছে ছবিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ব্যাপারে আপনি কতটা জানেন?
বেশি কিছু জানতাম না। চিলড্রেন অব ওয়ার (বাংলাদেশে মুক্তি পেয়েছে যুদ্ধশিশু নামে) ছবির স্ক্রিপ্টটা পড়ে আমি শিউরে উঠেছিলাম। তখন ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। ছবির পরিচালক মৃত্যুঞ্জয়কে তখন বলেছিলাম, ছবিটি যেন বাংলাদেশ আর ভারতে একই সঙ্গে রিলিজ দেওয়া হয়।
আপনার মা মুনমুন সেন এখন ভারতের লোকসভার সাংসদ। নির্বাচিত হওয়ার পর মার সঙ্গে প্রথম মুহূর্তটি কেমন ছিল?
আমরা খুব খুশি হয়েছি। মা এখন অনেক ব্যস্ত থাকবেন। মায়ের সঙ্গে নির্বাচনী প্রচারণায় আমি আর রিয়া অংশ নিয়েছি। মা এখন মানুষের জন্য কিছু করতে পারবেন ভেবে ভালো লাগছে।
বাংলাদেশের পাবনায় আপনার দিদা সুচিত্রা সেনের বাবার বাড়ি। ওই বাড়িটি দেখার ইচ্ছে হয়?
ইচ্ছে আছে। আগামী বছর বাংলাদেশে এলে সেখানে যাব।
ওই বাড়িটি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি?
না। আমরা সেভাবে কিছু ভাবতে চাই না।
মনজুর কাদের৷ ছবি : কবির হোসেন