'বাংলাদেশের শ্রোতাদের জন্যও কিছু করতে চাই'

অ্যাকন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী। আর অ্যান্ড বি এবং হিপহপ ধাঁচের গান করে জনপ্রিয় হয়েছেন। একই সঙ্গে তিনি সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক। আফ্রিকার খুব প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকায়ও আছে তাঁর নাম। ‘বিলবোর্ড হট হানড্রেড’ তালিকায় ৩৫ বার স্থান পেয়েছে অ্যাকনের গান। পাঁচবার পেয়েছেন গ্র্যামি পুরস্কারের জন্য মনোনয়ন। আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বিসিবি সেলিব্রেশন কনসার্টে আজ তিনি গান করবেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দেন অ্যাকন।
বাংলাদেশে এসে কেমন লাগছে?
মাত্রই খানিকক্ষণ আগে এখানে এসে নামলাম। এখন পর্যন্ত তো সব কিছু দারুণ লাগছে। শহরটা আরও ঘুরেফিরে দেখতে চাই। এখানকার খাবার নাকি দারুণ, সেটাও চেখে দেখার ইচ্ছে আছে।
আপনার শরীরে সেনেগালিজ রক্ত মিশে আছে। এটা গানকে কতটা প্রভাবিত করেছে?
এটা আমার জন্য বাড়তি সুবিধা এনে দিয়েছে। যখন হিপহপ শুরু করলাম, এর সঙ্গে আমি আমার সংগীতে আফ্রিকান মেলোডি মিশিয়ে দিতে পেরেছি। নিজে এক ধরনের গানের মধ্যে আবদ্ধ করতে চাইনি। এ কারণেই বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সেখানকার টপচার্টে আমার গান পাবেনই। গান আমার কাছে নেশার মতো, সাংস্কৃতিক আবহের মধ্যেই আমি বেড়ে উঠেছি।
সংগীতে আপনাকে কোন জিনিসগুলো সবচেয়ে প্রভাবিত করে?
আমার অভিজ্ঞতা আমাকে গান লিখতে সাহায্য করে। আমি ঘুরতে গিয়ে যা কিছু দেখি, সেটাই আমার গানে তুলে আনি। শুরুর দিনগুলো থেকে এখন পর্যন্ত আমার গানে এটা প্রতিফলিত হয়েছে।
আপনার গানের শুরুতে সব সময় জেলখানার দরজা খোলার ঝনঝন শব্দ শোনা যায় কেন?
আমি যখন জেলে বন্দী ছিলাম, এটাই আমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছে। এই শব্দটা আমাকে আমার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় সেই মানুষটার কথা, যে মানুষটায় আমি আর ফিরে যেতে চাই না। এটা আমার জন্য অনেকটা সতর্কবার্তার মতো।
যাঁদের সঙ্গে কাজ করেছেন এঁদের মধ্যে সবচেয়ে স্পেশাল কে ছিলেন?
মাইকেল জ্যাকসন। ইশ্, তাঁর সঙ্গে যদি আরও বেশি কাজ করতে পারতাম, আরও বেশি মিউজিক রেকর্ড করা, লাইভ পারফর্ম করতে পারলে সেটা আমার জন্য হতো অবিশ্বাস্য কিছু। তবে তাঁর সঙ্গে যেটুকুই কাজ করতে পেরেছি, সেটাই ছিল স্পেশাল। আমার স্বপ্নই ছিল তাঁর সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে।
ভারতে ‘ছাম্মাক ছাল্লো’তে গান গেয়েছেন। বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে?
অবশ্যই, কেন নয়। শতভাগ ইচ্ছা আছে। কিন্তু প্রশ্নটা হলো, কার সঙ্গে করব? যদি কাজ করার মতো কোনো শিল্পীকে পাই, কেন করব না?
খেলাধুলার ব্যাপারেও তো আপনি অনেক প্রাণোচ্ছল।...
গান আর খেলাধুলা হাতে হাত ধরে চলে। ফুটবল আর বাস্কেটবল আমার প্রিয় খেলা। আর ভারতীয় ভক্তদের সূত্রেই ধীরে ধীরে ক্রিকেটের সঙ্গে পরিচিত হচ্ছি। ক্রিকেটারদের চিনছি। ব্রায়ান লারার কথা আমি জানি, যিনি খুবই জনপ্রিয়।
বাংলাদেশে আপনার ভক্তদের উদ্দেশে কোনো বার্তা?
সবার প্রথমে বলতে চাই, এখানে আসতে পারাটা আমার জন্য সম্মানের। নিজের বাড়ি থেকে এত দূরে এসে আপনাদের ভালোবাসা পাওয়াটা আমার জন্য অনেক বড় কিছু। ‘ছাম্মাক ছাল্লো’র মতো এখানকার শ্রোতাদের কথা ভেবে বিশেষ একটা অ্যালবাম করতে চাই। এরপর হয়তো যখন কোনো পূর্ণ সফরে আসব, দর্শকেরা আরও ভালোভাবে আমার গান উপভোগ করতে পারবেন।
ফাহমিম ফেরদৌস