‘বাংলাদেশের শ্রোতারা ভালো সমঝদার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাবের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে গান গাইতে এসেছেন উপমহাদেশের প্রখ্যাত ধ্রুপদি সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে গান করেছেন তিনি। এরপর গতকাল সকালে ঢাকা ক্লাবে কথা হলো এই গুণী সংগীতশিল্পীর সঙ্গে। এখানে তিনি নিজের সংগীতজীবনের খুঁটিনাটির সঙ্গে জানিয়েছেন বাংলাদেশের শ্রোতাদের নিয়ে ভালো লাগার কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন আবিদুল ইসলাম।এ নিয়ে অনেকবার বাংলাদেশে এসেছেন। কেমন লেগেছে?এখানকার মানুষগুলো খুব বন্ধুবৎসল। আমি ভারত আর বাংলাদেশের মধ্যে পার্থক্য দেখি না। এখানকার শ্রোতাদের খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে, বাংলাদেশের শ্রোতারাও ভারতের শ্রোতাদের মতোই সংগীতের ভালো সমঝদার। একটা বয়স পর্যন্ত নাকি গান গাইতে চাইতেন না?আমি আসলে গান করায় মনোযোগ দিয়েছি একটু দেরিতে। ৮-১০ বছর বয়সে। খুব চঞ্চল ছিলাম। গানের রেওয়াজ করার চেয়ে আমার কাছে ক্রিকেট খেলতেই বেশি ভালো লাগত। গান না গাইলে কী হতেন?কিছুই না (হেসে)। তবে ওই যে বললাম, ক্রিকেট খুব ভালো লাগত। ক্রিকেট এখনো ভালো লাগে। এ নিয়ে তো বাড়িতে আমার সাত বছর বয়সী ছেলের সঙ্গে ঝগড়া বেধে যায়। ও চায় কার্টুন দেখতে, আমি ক্রিকেট। শুরু হয়ে যায় রিমোট কন্ট্রোল নিয়ে কাড়াকাড়ি। ছোটবেলায় মহিন্দর অমরনাথ আর সুনীল গাভাস্কারের খুব ভক্ত ছিলাম। আর এখন শচীন টেন্ডুলকারকে খুব ভালো লাগে।ভালো শিল্পী হওয়ার জন্য কোন দিকটাকে গুরুত্ব দেবেন?রেওয়াজ আসলে বড় একটা ব্যাপার। এই যে আমার সাত বছরের ছেলে ওর মতো করে রেওয়াজ করে। এখনো বুদ্ধি-সুদ্ধি অতটা হয়নি, তবে ভালোই গায়। আপনি নাকি ছোটবেলায় রেওয়াজকে ভয় পেতেন? ঘণ্টার পর ঘণ্টা ধরে রেওয়াজ করতে ভালো লাগত না। আমি রেওয়াজ রেখে ক্রিকেট খেলতে চলে যেতাম। কিন্তু দাদু (ওস্তাদ এনায়েত হোসেন খান সাহেব) আবার ধরে এনে চড়-থাপড় মেরে বসিয়ে দিতেন। হঠাৎ করে রেওয়াজ করায় মন আসল কেমন করে?দাদুর তো অবদান আছেই, আমার মা ছোটবেলায় মারা গেছেন। মা বলেছিলেন, বড় শিল্পী হতে হবে। সেটাও মনে পড়ে গেল। অমনি রেওয়াজে মন বসল। পণ্ডিত ভীমসেন যোশি এক সাক্ষাৎকারে আপনাকে ভারতের ধ্রুপদি সংগীতের ভবিষ্যৎ নেতা বলেছিলেন।পণ্ডিতজি এ কথা বলেছেন, এতেই আমার আনন্দ। চেষ্টা করব, তাঁর কথার মর্যাদা রাখতে।