‘বাংলার মাটি বাংলার জল’ নাটকের কারিগরি প্রদর্শনী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি পালাকার মঞ্চে এনেছিল বছর চারেক আগে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে পালাকার মঞ্চে আনছে বাংলার মাটি বাংলার জল। নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। জানা গেছে, পালাকার গত প্রায় চার মাস নাটকটির মহড়া করেছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির কারিগরি প্রদর্শনী হবে। আতাউর রহমান বলেন, ‘পালাকার একটি তারুণ্যনির্ভর ও সুশৃঙ্খল দল। তাদের ডাকঘর প্রযোজনাটি খুব ভালো লেগেছিল। তার পরই বাংলার মাটি বাংলার জল নাটকে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরও বলেন, ‘বিশ্বকবির সার্ধশত (১৫০তম) জন্মবর্ষে তাঁর প্রতি সম্মান জানাতে নাটকটি মঞ্চে আনা হচ্ছে।’পালাকারের প্রধান আমিনুর রহমান বলেন, ‘রবীন্দ্রনাথের মধ্য দিয়ে বাঙালিকে খুঁজে পাওয়া যায়। সেই রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছি, তাই আমরা খুবই আনন্দিত। আতাউর রহমান রবীন্দ্রনাথের নানা সাহিত্যকর্ম নিয়ে মঞ্চে কাজ করেছেন। তিনিই আমাদের এই নাটকের নির্দেশনা দিচ্ছেন। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমরা নানা কিছু জানতে পারছি।’নাটকে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন শামীম সাগর।