‘বাংলার মাটি বাংলার জল’ নাটকের মহড়া শুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র অবলম্বনে সৈয়দ শামসুল হক লিখেছেন নাটক বাংলার মাটি বাংলার জল। ১ এপ্রিল নাটকটির মহড়া শুরু করেছে পালাকার। মহড়ার উদ্বোধন করেন নাটকটির নির্দেশক আতাউর রহমান। পালাকার থেকে জানানো হয়েছে, এ বছর সারা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মোৎসব উদ্যাপন করা হবে। এ উপলক্ষে পালাকার মঞ্চে আনছে নাটকটি। ১৮৯১ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত রবীন্দ্রনাথ এই বাংলার (শিলাইদহ, পতিসর, শাহজাদপুর) মানুষ, পরিবেশ ও প্রকৃতির খুব কাছাকাছি ছিলেন। সেই সময় ইন্দিরা দেবীকে লেখা চিঠিগুলোতে বাংলাদেশ সম্পর্কে রবীন্দ্রনাথের উপলব্ধি ও দর্শনের পাশাপাশি নতুন দৃষ্টিতে এই বাংলাকে দেখার কথা বলা হয়েছে পালাকারের এই নাটকে। নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম সদস্য আতাউর রহমান বলেন, ‘আমি নাগরিকের বাইরেও অনেক নাটকের নির্দেশনা দিয়েছি। ফলে নিজের দলের বাইরে আরও অনেক মানুষকে চেনা যায়, তাদের ভাবনা ও চিন্তার স্তরের সঙ্গে পরিচিত হওয়া যায়। পালাকারের সদস্যদের তারুণ্য আমাকে মুগ্ধ করেছে।’ তিনি জানান, আগস্ট মাস নাগাদ নাটকটি মঞ্চে আনা সম্ভব হবে।