'বাংলার যাত্রাশিল্পী'
নতুন শতকের প্রথম দেড় দশককাল অতিক্রান্ত হওয়ার পরও এমন কোনো সম্ভাবনা দেখা দেয়নি, যার হাত ধরে যাত্রার অধোগতি রোধ করা সম্ভব হবে। আজ সে সত্যিকার সংকটে দীর্ণ যাত্রা জগৎ-ব্যবসায়িক অসাফল্যে মুখ থুবড়ে পড়েছে, এটা একটা অচিকিৎসা ব্যাধির প্রকোপ, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু পরিত্রাণের উপায়ই বা কী হতে পারে, সে বিষয়ে কোনো দিশা দেখা গিয়েছে, এমন আশাও আমাদের সামনে নেই। তবু যাত্রাশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান যাত্রাশিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যায়।
জাতীয় জাদুঘর গতকাল কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলার যাত্রাশিল্পের ওপর এক সেমিনারের আয়োজন করে। ‘বাংলার যাত্রাশিল্পী’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে যাত্রা সম্পর্কে এমন মন্তব্য করেন পশ্চিমবঙ্গের গবেষক, বহুরূপী নাট্যপত্র ও যাত্রা আকাদেমি পত্রিকার সম্পাদক প্রভাত কুমার দাস।
আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ এবং ফোকলোর গবেষক সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।