'বাইজির চরিত্রে অভিনয় করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীম
মীম

মীম। আজ রাতে চ্যানেল নাইনে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক...এবং একটি চিঠি। লিখেছেন মাহবুব বাপ্পি, পরিচালনা করেছেন ইভান রেহান।
বিদ্যা সিনহা মীম যে বিদ্যাটা সবচেয়ে ভালো জানেন...
সবচেয়ে ভালো কোনটা জানি, সেটা বলা মুশকিল। তবে যে বিদ্যাগুলো জানি, সবগুলোই আমি খুব মন দিয়ে করি। অভিনয় তো করছি। নাচ কখনো শিখিনি, কিন্তু নাচ খুব ভালোবাসি। শখের বসে টুকটাক লেখালেখিও করি।
পূজায় কেমন আনন্দ হলো?
পূজায় সব সময়ই খুব মজা হয়। এবার পরিবারের সঙ্গেই ছিলাম। পূজার পর কাতার গিয়েছিলাম বেড়াতে। সেখানেও সময়টা দারুণ কেটেছে।
কোথায় বেড়াতে সবচেয়ে ভালো লাগে?
মামাবাড়ি। আমার মামাবাড়ি রাজশাহী। সেখানে আত্মীয়স্বজন সবাই একসঙ্গে হলে অনেক মজা হয়।
সেন্সরে ‘জোনাকির আলো’...
খুব কষ্ট করে আমরা এই ছবিটির শুটিং করেছি। ৩ নম্বর বিপদ সংকেতের সময় বঙ্গোপসাগরের এক দ্বীপে আটকা পড়ে গিয়েছিলাম। ঝড়ের মধ্যে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেক ভয় পেয়েছি! একটা সিনেমার শুটিং করতে গিয়ে আরেকটা সিনেমা হয়ে যাচ্ছিল।
এবার ‘পদ্ম পাতার জল’...

ছবির প্রায় ৭০ ভাগ কাজ হয়েছে। এখানে আমি বাইজির চরিত্রে অভিনয় করছি। যেহেতু গল্পের প্রেক্ষাপট প্রায় শত বছর আগের, তাই আমার মেকআপ-গেটআপেও দর্শক একটু ভিন্নতা পাবেন।
যে চরিত্রে নিজেকে দেখে নিজেই চমকে গিয়েছিলাম...
জলপরি নামে একটা নাটক করেছিলাম। সেখানে আমার চরিত্রটি ছিল একজন ‘বেদের মেয়ে’র। এই নাটকে আমার লুকটা একেবারেই অন্য রকম ছিল। এ ছাড়া রোজার ঈদে ট্রাম্পকার্ড নামে একটা টেলিছবিতে অভিনয় করেছিলাম। সেখানে আন্ডারওয়ার্ল্ডের একজন ডনের সহযোগী হিসেবে আমার গেটআপটা দারুণ ছিল।
‘...এবং একটি চিঠি’
টেলিছবিটির নামের মতো গল্পটাও একেবারেই আলাদা। ঘটনা বলে দিলে মজা থাকবে না। শুধু এটুকু বলি, গল্পটি চিঠি নিয়ে।
 মো. সাইফুল্লাহ