আসাদুজ্জামান নূর। বাংলাদেশের অভিনয়ের জগতে কিংবদন্তি। আজ বিটিভিতে তাঁকে দেখা যাবে হুমায়ূন আহমেদের অনন্য সৃষ্টি কোথাও কেউ নেই নাটকে; সেই বিখ্যাত ‘বাকের ভাই’ চরিত্রে। আসাদুজ্জামান নূরের যদি দেখা হতো বাকের ভাইয়ের সঙ্গে...দেখা যে হয়নি, তা নয়। কলেজজীবনে বাকের ভাইয়ের মতোই একজনের সঙ্গে পরিচয় হয়েছিল। তাঁকে সবাই বলত ইউসুফ গুন্ডা। আমি তাঁকে দেখেছি বৃদ্ধ বয়সে, তাঁর তরুণ বয়সের জৌলুস দেখা হয়নি। তাঁর সম্পর্কে অনেক গল্প প্রচলিত ছিল। তবে যদি নাটকের বাকের ভাই বাস্তব হয়ে আমার সামনে হাজির হয়, কী বলব... বলব, দেখা হয়ে ভালো লাগল। হা হা... এর চেয়ে বেশি কী-ই বা বলা যায়! যেভাবে চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম...হুমায়ূন আহমেদের সঙ্গে কথা হতো। নাটকটির প্রযোজক বরকতউল্লাহ, তিনিও অনেক পরামর্শ দিতেন। বাকের ভাই মানুষটি তো আসলে রবিনহুডের প্রতিফলন। সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি।বাকের ভাইকে নিয়ে উন্মাদনা...একবার এক লোক আমার বাড়িতে এল। নিচ থেকে ফোন করে আমাকে জানানো হলো, বাকের ভাই এসেছেন! গিয়ে দেখি এক লোক, হাতে চেইন, চোখে সানগ্লাস। ময়মনসিংহে তাঁর বাড়ি। তিনি হলফনামা করে তাঁর নাম বাকের রেখেছেন! পরে অনেক দিন তাঁর সঙ্গে যোগাযোগ ছিল।নাটকে হুমায়ূন আহমেদের তৈরি চরিত্রগুলো...হুমায়ূন আহমেদ সে সময় নাটকের ধারণা পাল্টে দিয়েছিলেন। আমরা চিরাচরিত প্রেমের নাটক করতাম, প্রেমের সংলাপ বলতাম। হুমায়ূন আহমেদ এমন সব চরিত্র তৈরি করেছেন, দর্শকের মনে হতো চরিত্রটি তাদের ঘরের মানুষ কিংবা প্রতিবেশী। পিঞ্জিরার মধ্যে বন্দী হইয়া রে নামের একটি নাটক করেছিলাম। নাটকটি বোধ হয় প্রচারিত হয়নি। নান্দাইল ইউনুস নামের একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলাম। এই চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি।যখন মনে হয়েছে ‘কোথাও কেউ নেই’....দিন শেষে প্রতিটি মানুষই তো একটা দ্বীপের মতো। সমাজ, পরিবার, দেশ, পৃথিবীর প্রতি দায়বদ্ধতা তো আছেই। তবে প্রতিটি মানুষের নিঃসঙ্গতাও আছে। আমার কাছে, এটা একটা দ্বৈত অস্তিত্ব।বন্ধু হুমায়ূনকে যে কথাটা বলা হয়নি...হুমায়ূন একটু অগোছালো ছিল। আমার ধারণা ভুলও হতে পারে। হয়তো অগোছালো ছিল বলেই ও এত অনবদ্য সব লেখা লিখতে পেরেছে। তবু একটু গুছিয়ে চললে হয়তো ও আরও বেশি লিখতে পারত। আরও বেশি দিন আমাদের মাঝে থাকত। হুমায়ূন খুব অনিয়ম করত। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওকে সেভাবে বাধা দিতে পারিনি।যে কবিতা আমার মনের কথা বলে...অসংখ্য কবিতা আছে। এভাবে একটা কবিতার কথা তো বলা যায় না। অনেক প্রিয় কবিতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ... অনেকেই আমার মনের কথা বলেন।মো. সাইফুল্লাহ