'বাচনিক'-এর কবিতাসন্ধ্যা 'আনন্দ ভৈরবী'

কানাডার টরন্টো শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সেখানকার বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ‘বাচনিক’ পরিবেশিত কবিতাসন্ধ্যা আনন্দ ‘ভৈরবী’। টরন্টোর স্থানীয় ওকোনোর কলেজিয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কবিতা সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী ও ব্যারিস্টার চয়নিকা দত্ত। ‘বাচনিক’-এর প্রধান সমন্বয়ক মেরী রাশেদীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মেরী রাশেদীন জানিয়েছেন, কবি আসাদ চৌধুরী ও ব্যারিস্টার চয়নিকা দত্তকে ‘বাচনিক’ এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এলিনা মিতা ও কল্যাণীয়া পূরবী। এরপর কবি আসাদ চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন কবি আঞ্জুমান রোজী এবং চয়নিকা দত্তকে উত্তরীয় পরিয়ে দেন কবি দেলওয়ার এলাহী। তিনি জানান, কবি আসাদ চৌধুরী এবং চয়নিকা দত্ত মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘দেশে বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টো, কথাশিল্পী ফরিদা রহমান, আকবর হোসেন, চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরী, কথাশিল্পী সালমা বাণী, ‘বাংলা মেইল’ সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
বাংলা কবিতার বিখ্যাত এবং জনপ্রিয় কবিদের কবিতা পাঠ দিয়ে সাজানো এ অনুষ্ঠানে ছিল বৃন্দ কবিতা, দ্বৈত কবিতা, একক কবিতা ও কবিতার সঙ্গে নৃত্য পরিবেশনা। কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন অরুণা হায়দার, উমামা নওরোজ ইত্তেলা, মিঠুন রেজা, তাসনিম আহমেদ অর্নি।
অনুষ্ঠানে উপস্থিত কবি, শিল্পী ও সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী সৈয়দ ইকবাল, কবি রোকসানা লেইস, কবি মেহরাব রহমান, সাংবাদিক শওগাত আলী সাগর প্রমুখ।
বাচনিকের যেসব আবৃত্তিশিল্পী ‘আনন্দ ভৈরবী’ কবিতাসন্ধ্যায় অংশগ্রহণ করেন; তাঁরা হলেন রাশেদা মুনীর, সুমি রহমান, কাজী হেলাল, মেরী রাশেদীন, সুমন মালিক, সৈয়দা মার্জিয়া মৌ, ফারহানা আহমদ, সাইফুল চৌধুরী, অরুণা হায়দার, রেজা অনিরুদ্ধ, ম্যাক আজাদ, ফাতেমা হাসিন, আসমা হক, হোসনে আরা জেমী, এলিনা মিতা ও কল্যাণীয়া পূরবী।
অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনা ও নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন রাশেদা মুনীর ও অনন্য দীপ ধ্রুব। ‘আনন্দ ভৈরবী’ আয়োজনটির শব্দ প্রকৌশলের দায়িত্ব পালন করেছে মিউজিক বক্স সাউন্ড সিস্টেম এবং হাসান ইমাম রনি। তবলায় ছিলেন রনি পালমার, কিবোর্ডে মামুন কায়সার।