নিশা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০’ প্রতিযোগিতায় হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। কাজ করছেন নাটক আর বিজ্ঞাপনচিত্রে। আজ বাংলাভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক বাতিঘর

‘বাতিঘর’...
নাটকে অভিনয় করছি তিন বছর হলো। এবার আমি জাহিদ ভাইয়ের (জাহিদ হাসান) সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছি। আমি খুবই আনন্দিত। এই নাটকে আমার চরিত্রের নাম হেনা। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্যারিয়ার নিয়ে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী।
বাস্তবে ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস...
ক্যারিয়ার নিয়ে আমি অবশ্যই ভাবি। সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে তৈরি করছি। তবে নাটকে আমাকে যেভাবে ক্যারিয়ার সচেতন হিসেবে উপস্থাপন করা হয়েছে, ততটা নই।
পড়াশোনা...
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ বর্ষে পড়ছি। ইচ্ছে আছে পড়াশোনার পর বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করব। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।
নায়িকা হওয়ার স্বপ্ন...
নায়িকা হওয়ার স্বপ্ন থেকেই ছোট পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমার সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে সহযোগিতা করেছে। তা আমার জন্য একটা প্ল্যাটফর্ম। ছবিতে অভিনয়ের ব্যাপারে কয়েকটি প্রস্তাব পেয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
প্রেক্ষাগৃহে প্রথম ছবি দেখা...
মা খুব ছবি দেখতেন। তাঁর সঙ্গে পরিবারের সবাই মিলে ছোটবেলায় সিনেমা দেখতাম। ঢাকার প্রেক্ষাগৃহে আমার দেখা প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। ছবিটি দেখার পর মৌসুমী আপুর ভক্ত হয়ে যাই।
অবসরে যা করি...
বই পড়ি। এখন পড়ছি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটাকম্বল। সিনেমা দেখি। সব ধরনের সিনেমা দেখা হয়। তবে সুপার ন্যাচারাল ছবি দেখতে ভালোবাসি।
বিনোদন প্রতিবেদক