
সারা দিন মেঘলা আকাশ। কখনো ঝুমবৃষ্টি, কখনো ঝিরিঝিরি। গতকাল শুক্রবার ছুটির দিনটিই ছিল গান শোনার মতো। সে আয়োজনও ছিল। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও কবিতা নিয়ে ‘বাদল-মেঘে মাদল বাজে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। বৃষ্টিমুখর দিনেও দর্শকের উপস্থিতি কম ছিল না। সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হয় লায়লা আফরোজের ‘বাদল-মেঘে মাদল বাজে’ আবৃত্তি দিয়ে। এরপর ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ গানটি শোনান নার্গিস চৌধুরী। রাশেদ হাসান আবৃত্তি করেন ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর’। এরপর আবার গান। আবদুল ওয়াদুদ পরিবেশন করেন ‘আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল’। একটি আবৃত্তি, তারপর একটি গান। এভাবেই এগিয়েছে অনুষ্ঠান। সব মিলিয়ে গান ও কবিতার পরিবেশনা ছিল ৩৩টি। বাইরে বৃষ্টি আর মিলনায়তনের ভেতরে বৃষ্টির গান, কবিতার ছন্দ। জমে উঠেছিল অনুষ্ঠান। বীরেন সোমের ছাপচিত্র প্রদর্শনী শুরু
শিল্পী বীরেন সোমের তিন দশকের বেশি সময়ের নানা মাধ্যমের ছাপচিত্র নিয়ে এক বিশেষ প্রদর্শনী শুরু হলো গতকাল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। এই প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক ছিলেন শিল্পী আবুল মনসুর, সঞ্চালনা করেন নিসার হোসেন। বীরেন সোম শিল্পকলার বিভিন্ন মাধ্যমে কাজ করলেও ছাপচিত্রের প্রতি রয়েছে তাঁর আলাদা অনুরাগ। ১৯৭৯ সলে শিল্পকলা একাডেমীতে তিনি মনিরুল ইসলামের পরিচালনায় ছাপচিত্রের একটি কর্মশালায় অংশ নিয়েছিলেন। সেই কর্মশালার কাজসহ সাম্প্রতিক কালের মোট ৫৩টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে আয়োজিত ‘সপ্তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতা’র ছবিগুলো নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার।
বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে ছিল শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিযোগিতায় ছয়টি বিভাগে ৮৫ জন বিজয়ী শিশুশিল্পীকে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে বাংলাদেশের রুমানা পারভীন। প্রদর্শনী চলছে শিশু একাডেমীর শিশু চিত্রশালায়। আগামী ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
উত্তরাধুনিক কথাসাহিত্য বিষয়ে সেমিনার
‘উত্তরাধুনিক কথাসাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত বৃহস্পতিবার। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনা করেন অধ্যাপক শফি আহমেদ, কাজল বন্দ্যোপাধ্যায়, সুশীল কুমার দাস ও বিনয় বর্মণ। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুত্ফর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, গোলাম রহমান ও জাকির হোসেন। ইংরেজি বিভাগের ছাত্র ও শিক্ষকেরা এতে উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।