'বাবা-মা চাননি আমি গান করি'

ক থো প ক থ ন: পার্থ বড়ুয়া। সংগীতশিল্পী। এখন ব্যস্ত অভিনয় নিয়ে। নিয়মিত অভিনয় করছেন টিভিনাটকে। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ইচ্ছেঘুড়ি
‘ইচ্ছেঘুড়ি’...
আমি এক ঘণ্টার নাটকেই বেশি অভিনয় করি। ধারাবাহিক নাটকের শেষ শুটিং করেছিলাম বছর দুয়েক আগে। নাম ডেড এন্ড। গল্প পছন্দ হলে তবেই ধারাবাহিক নাটকে অভিনয় করি। এবার তেমনই একটি পছন্দের গল্পে অভিনয় করছি। পরিচালনা করছেন শাফায়েত মনসুর রানা।
সংগীতশিল্পী নাকি অভিনয়শিল্পী...
আমি কিন্তু অভিনয়শিল্পী নই। গানের মানুষ হয়ে গানের অনুষ্ঠান বেশি করি না বলেই এমন অনুযোগ। সেটা আমিও নানাভাবে টের পাই। আমি যেসব নাটকে অভিনয় করি, সেগুলো ভালোবেসেই করি।
গানের অনুষ্ঠান...
সঠিক সম্মানী পাই না বলে খুব বেশি গানের অনুষ্ঠান করছি না।
আমার গান কিংবা অভিনয়ের বড় সমালোচক...
আমার অভিনয় নিয়ে কেউ কোনো কথা বলে না। তবে গানের ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচক আমার মেয়ে রূপা। ও গান খুব ভালো বোঝে। তাই ওর মতামতকে আমি গুরুত্ব দিই। এ ছাড়া আমার দুজন বন্ধু আছেন, তাঁরা সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন।
আমার মেয়ের সংগীতশিল্পী হওয়ার সম্ভাবনা...
বাবা-মা চাননি আমি গান করি। তার পরও কখন যেন গানের সঙ্গে জড়িয়ে গেছি। পরে অবশ্য আমার পরিবার থেকে কোনো বাধা পাইনি। আমার মেয়ের ক্ষেত্রেও তা থাকবে না। ও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পড়াশোনা শেষে ওর যা ইচ্ছা, সেটাই বেছে নেবে।
সোলসের অ্যালবাম...
১২.১২.১২ অ্যালবামের কাজ যে একেবারে করিনি, তা কিন্তু নয়। কিন্তু অডিও ইন্ডাস্ট্রির খারাপ অবস্থার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সামনে পরিস্থিতি স্বাভাবিক হলে অ্যালবামটি বাজারে ছাড়ব।
এই মুহূর্তে...
এই মুহূর্তে ছবিতে আমার অভিনয়ের কথা ছিল। ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত এপ্রিলে। এরপর আর কোনো খবর জানি না।