‘বাবার গান’ থেকে নজরুলসংগীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ’—ছোটবেলায় বাবার মুখে এই গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন ফ্যান্সী। তখন এটা ছিল তাঁর কাছে ঘুমপাড়ানি গান। কিন্তু গানটি কার লেখা বা সুর করা—সেসব কথা জানা হয়নি অনেক দিন। স্কুলে পড়ার সময়ও তাঁর কাছে মনে হতো, এটা ‘বাবার গান’। বাবার গানের তালিকায় আরও ছিল ‘হারানো হিয়া নিকুঞ্জ বনে’, ‘তুমি হাতখানি যবে’, ‘নয়ন ভরা জল গো তোমার’ ও ‘আমায় নহে গো ভালোবাসো’।এভাবে সেই ছোটবেলায় বাবার মুখে শুনে শুনে নাসিমা শাহীনের (ফ্যান্সী) নজরুলসংগীতের সঙ্গে পরিচয়। গানের প্রতি মেয়ের আগ্রহ চোখ এড়ায়নি বাবা আবদুর রহমান ও মা জাহানারা রহমানের। তাঁরাও চেয়েছিলেন মেয়ে গান শিখুক। ভর্তি করে দেন আজিমপুর লেডিস ক্লাবে। বাসায় আসেন সংগীতশিক্ষক অরুণ চক্রবর্তী। তাঁর কাছেই সংগীতে হাতেখড়ি হয় ফ্যান্সীর। এরপর বিভিন্ন সময় গান শিখেছেন আরও অনেকের কাছে।ফ্যান্সী জানান, বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তাঁদের বাসা ছিল আজিমপুর কলোনিতে। বাসার খুব কাছেই ছায়ানট। ক্লাসের সহপাঠীদের কাছ থেকে ছায়ানটের অনেক গল্প শুনতেন। তখন তিনি পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাসার কাউকে না জানিয়েই সেখানে ভর্তি পরীক্ষা দিলেন। সুযোগও পেয়ে গেলেন প্রারম্ভিক ‘ক’ শ্রেণীতে। সেই থেকে তাঁর সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। এরপর টানা আট বছর গান শিখেছেন এই সংগীত বিদ্যায়তনে। বার্ষিক পরীক্ষায় বরাবরই প্রথম হতেন। তাই কৃতিত্বের সঙ্গে কোর্স শেষ করার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ সন্জীদা খাতুন তাঁকে শিক্ষক হওয়ার আমন্ত্রণ জানান। ১৯৯০ সাল থেকে সংগীতে শুরু হলো তাঁর নতুন পথচলা। সংস্কৃতিব্যক্তিত্ব ওয়াহিদুল হক ছিলেন ফ্যান্সীর গান পছন্দ করতেন। ফ্যান্সী বলেন, ‘তিনি চাইতেন, আমি যেন নজরুলের গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানও করি। তিনি আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন। গান গাইতে বলতেন। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। সদস্য করে নিলেন তাঁর সংগঠন আনন্দধ্বনিতে।’ফ্যান্সী রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আমন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ দিয়েছেন। জানালেন, সেখানে তাঁর প্রশিক্ষণের বিষয় ছিল নজরুলসংগীত। আনন্দধ্বনির সঙ্গে এবং বিভিন্ন আমন্ত্রণে কলকাতায় গান করেছেন কয়েকবার। তিনি বলেন, কলকাতার অনুষ্ঠানে আমার গান শুনে শ্রোতাদের প্রশংসা ছিল অন্য রকম। নজরুলের গান নাকি তারা কখনো এভাবে শোনেনি। বাংলাদেশে নজরুলের গানের চর্চা নিয়েও বেশ ইতিবাচক আলোচনা ছিল সবার মুখে।গুরু সুমন চৌধুরীর উৎসাহে একসময় আধুনিক গানের প্রতিও আগ্রহী হন ফ্যান্সী। বের হয় স্মরণীয় বাংলা গানের অ্যালবাম কে তুমি আমারে ডাকো। তাঁর এ পর্যন্ত প্রকাশিত পাঁচটি অ্যালবামের মধ্যে দুটি আধুনিক গানের। অন্যটি কেন ফিরে গেলে পুরোপুরি মৌলিক গান নিয়ে। ফ্যান্সী বলেন, ‘পশ্চিমবঙ্গে কয়েকজন বিখ্যাত গীতিকার ও সুরকারের কাছে আমার অ্যালবাম পাঠিয়েছিলাম। পরে তাঁরা আমার জন্য গান তৈরি করে দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, অতনু চক্রবর্তী, দূর্বাদল চট্টোপাধ্যায়, সৌগত রুদ্র ও শ্রীকান্ত আচার্য। তাঁদের গানের পাশাপাশি কেন ফিরে গেলে অ্যালবামে আরও আছেন মোহাম্মদ রফিকুজ্জামান, কে জি মুস্তাফা, আহসান হাবিব ও মিলন খানের লেখা গান। এগুলোতে সুর করেছেন সুজেয় শ্যাম, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী ও সুমন চৌধুরী।’তাঁর গাওয়া নজরুলসংগীতের অ্যালবামগুলো হলো পথিক এসেছ নাকি (সঙ্গে সুমন মজুমদার), সাঁঝের পাখিরা এবং আকাশে ভোরের তারা। ফ্যান্সী পড়াশোনা করেছেন পুষ্টিবিজ্ঞানে। চাকরি করেছেন কয়েকটি বিদেশি দাতা সংস্থায়। এখন নিজেই গড়েছেন সীমান্তিক। জানালেন, তিনি এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি ছায়ানটে শিক্ষকতা করছেন। চলছে সংগীতচর্চাও। একটা স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ফ্যান্সীকে। ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা। মঞ্চে তখন গান করছিলেন তিনি। সেই মুহূর্তের কথা স্মরণ করে এখনো শিউরে ওঠেন। খুব কাছ থেকে দেখেছিলেন মানুষের ক্ষতবিক্ষত দেহ। তিনি চান, সেই ঘটনার সঙ্গে জড়িত সবার বিচার হোক।