‘বাবা’ নাটকে হাসান ইমামের কণ্ঠে রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম অভিনয়ের পাশাপাশি প্রায়ই নাটকের গানে কণ্ঠ দেন। সম্প্রতি বাবা দিবসের একটি নাটকের জন্যও গান গাইলেন তিনি। বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবা’য় হাসান ইমাম গেয়েছেন ‘না না না যাব না, মন যেতে নাহি চায়/এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়’ রবীন্দ্রসংগীতটি। রুম্মান রশীদ খানের লেখা ‘বাবা’ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। প্রথম আলো ডটকমকে সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমি বিটিভির তালিকাভুক্ত শিল্পী। ৬২ বছরের অভিনয়জীবনে অনেক নাটকের জন্যই গান গাইতে হয়েছে। “বাবা” নাটকে গাওয়া রবীন্দ্রসংগীতটি আমার অনেক পছন্দের। তাই গেয়েও ভালো লেগেছে।’ হাসান ইমাম এ-ও জানান, ‘বাবা’ নাটকে রবীন্দ্রসংগীতে কণ্ঠ দেওয়ার আগে তিনি এজাজ মুন্না পরিচালিত একটি নাটকেও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘বাবা’ নাটকে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম ও তারিন। নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকটিতে তারিনের বাবাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মেয়ে তারিনের বিয়ের পর সম্পূর্ণ একা হয়ে যান তিনি। তাঁর দুই ছেলে বিদেশে থাকে। বাবার খোঁজখবরও ঠিকভাবে নেয় না। তবে বাবা অন্তঃপ্রাণ একমাত্র মেয়ে তারিন বিয়ের পরও বাবাকে প্রিয় বন্ধু বলেই জানে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে “বাবা” নাটকের গল্প এগোতে থাকে।’‘বাবা’ নাটকে আরও অভিনয় করেছেন অপূর্ব, পাভেল ইসলাম প্রমুখ। বাবা দিবস উপলক্ষে ১৬ জুন রাত নয়টায় এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।