'বাবু ভাই এখন নাম হয়ে গেছে'

ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু

‘দুই টাকার বাহাদুরি’ নাটকে চোরের সর্দার...
চোর চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। এই নাটকের চোর অবশ্য একটু অন্য রকম। মজা আছে, আবার মানবিক গল্পও আছে।

ফজলুর রহমান বাবু যখন চোরের খপ্পরে...
চোরের খপ্পরে পড়িনি। তবে ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলাম। একবার গাড়ি নষ্ট হয়ে গেল। রাত আটটা-নয়টা বাজে। মহাখালী থেকে অটোরিকশায় বাসায় আসছিলাম। দুই পাশ থেকে ছিনতাইকারীরা উঠে পড়ে। অস্ত্র ঠেকিয়ে হুলুস্থুল অবস্থা। আমাকে তেজগাঁওয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, আলোতে আমাকে দেখে আর আমার কণ্ঠস্বর শুনে ওরা যখন আমাকে চিনে ফেলল, তখন ওরা খুবই দুঃখিত হয়েছিল। বলে, ‘বস, আপনারে তো চিনি নাই। আপনার অভিনয় ভালো লাগে।’ জিনিসপত্র নিয়ে গেলেও ওরা আমাকে সসম্মানে মেইন রাস্তায় নামিয়ে দিয়েছিল!

ঈদের কাজ...
সালাহউদ্দিন লাভলুর দুটি নাটক করলাম। কবিরাজের বউয়ের একজন ছেলেবন্ধু ছিল আর জয়তুনের চিঠি। আরটিভির জন্য করলাম ঘরজামাই। ইমরান হোসেনের একটি নাটক করেছি। এটিএন বাংলায় একটি নাটক প্রচারিত হবে বিকেলে ভোরের আলো। এই তো। সব মিলিয়ে ছয়-সাতটি হবে।

যখন অভিনয়টা কঠিন মনে হয়...
সাধারণত আমার কাছে অভিনয় সব সময় আনন্দের। তবে কখনো কখনো গল্প পছন্দ হয় না, চরিত্রও পছন্দ হয় না। কথা দিয়ে ফেলেছি বলে করতে হয়। তখন মনে হয়, এর চেয়ে কঠিন আর যন্ত্রণাদায়ক কাজ আর নেই। দুই ঘণ্টা শুটিং করলে দুই দিন মনে হয়! মনের বিরুদ্ধে তো কাজ করা যায় না। কিন্তু গল্প যদি ভালো হয়, চরিত্র যত চ্যালেঞ্জিং হয়, আমি তত মজা পাই।

গানের মানুষ...
না না, আমি গায়ক না। দর্শক-শ্রোতাদের ভালো লাগাই আমাকে গায়ক করেছে।

দর্শক হিসেবে নিজেকে যখন দেখি...

কেমন যেন লজ্জা লজ্জা লাগে! হা হা হা! অন্যদের সঙ্গে নিজের নাটক দেখতে বসলেও এমন হয়!

৫০ পেরিয়ে এখনো ‘বাবু’...

হা হা হা! যাঁরা বাবু নামটি রেখেছিলেন, আমার বাবা-মা; তাঁদের কাছে তো আমি সব সময় বাবুই ছিলাম। আর অন্যদের কাছে আমি বাবু না, ‘বাবু ভাই’। ‘বাবু ভাই’টাই এখন নাম হয়ে গেছে। একবার সেলিম (গিয়াসউদ্দিন সেলিম) বলছিলেন, ‘এ টি এম শামসুজ্জামানকে সবাই এ টি এম শামসুজ্জামানই বলে, হুমায়ুন ফরীদি সবার কাছেই হুমায়ুন ফরীদি। নামগুলাই একেকটি ব্র্যান্ড। কিন্তু আপনার কথা বলতে গেলেই “বাবু ভাই”! ফজলুর রহমানও না, বাবুও না।’ আসলে মানুষ আমাকে তাদের আপন মনে করে, পরিবারের লোক ভাবে। এটি একটি বড় পাওয়া।

ঈদের কেনাকাটা...

আমার কেনাকাটা আর কী? একটি পাঞ্জাবি-পাজামা আর স্যান্ডেল। আধা ঘণ্টায় কাজ শেষ। বউ, বাচ্চাদেরটা ওরাই কিনে ফেলবে।