‘বাহ! ওস্তাদ...বাহ!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওস্তাদ জাকির হোসেন সন্ধ্যা। সত্যিই সন্ধ্যাটা ছিল জাকির হোসেনেরই। বিরক্তিকর ট্রাফিক জ্যামের নয়, দশটা-পাঁচটা অফিসের পর ক্লান্তিতে ভেঙে পড়ার নয়, দম বন্ধ করা মানুষের ভিড়ের নয়—সন্ধ্যাটা শুধুই জাকির হোসেনের। ওস্তাদ জাকির হোসেনের।সবার জন্য নয় অবশ্য! বিশ্বখ্যাত তবলাশিল্পী জাকির হোসেনের সঙ্গে বিরল এই সন্ধ্যা কাটানোর সুযোগটা জুটেছিল ঢাকা শহরের খুবই ভাগ্যবান কিছু লোকের কপালে। সুযোগটা করে দিয়েছিল প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে জাকির হোসেনের বাবা কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ আল্লারাখা খানকে সম্মান জানানোই ছিল এই অসাধারণ আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। ১৯৭১ সালে নিউইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে রবিশংকর, জজ হ্যারিসন, বব ডিলানদের সঙ্গে ওস্তাদ আল্লারাখা খানও ছিলেন অন্যতম প্রধান শিল্পী। তাঁর তবলার বোলেও সেদিন বেজে উঠেছিল বাংলাদেশের স্বাধীনতা-ধ্বনি। তাঁরই যোগ্য সন্তান জাকির হোসেনকে সম্মান জানানোটা যেন সেই ঋণ শোধ করারই একটা প্রচেষ্টা।পাশ্চাত্যের কোনো এক নাম করা শিল্পী একবার ভারত সফরে এসে বলেছিলেন, ভারত তিনটি জিনিসের জন্য অনন্য—তাজমহল, লতা মুঙ্গেশকর ও ওস্তাদ জাকির হোসেন। যথার্থই বলেছিলেন বোধহয়। কেন যথার্থ বলছি, সেটা হাতে-কলমেই দেখিয়ে দিয়ে গেলেন বিশ্বসংগীতের এই জীবন্ত কিংবদন্তি।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন ওস্তাদ জাকির হোসেন। করতালি, অভিনন্দনের পালা শেষ হলে ধ্যানমগ্ন ঋষির মতো প্রিয় বাদ্যযন্ত্রটির সামনে বসলেন। দর্শকদের উদ্দেশে তাঁর প্রথম কথাটি ছিল, ‘নমস্কার, কেমন আছেন?’ কিছুক্ষণ ভাঙা ভাঙা বাংলা বললেন। এরপর আস্তে আস্তে পাঞ্জাবির হাতা গোটালেন...প্রস্তুতি নিতে থাকলেন হাতের আঙুলগুলো দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেওয়ার জন্য। দুই ঘণ্টা সত্যিই উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধই করে রাখলেন ওস্তাদজি। আঙুলের জাদু দিয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে কখনো নামিয়ে আনলেন ঝড়-বৃষ্টি-মেঘের গর্জন, কখনো বা ট্রেনের ‘কু ঝিক ঝিক’ তালে তালে নিয়ে গেলেন দূর মায়াবী দেশে...।অনেক সময় মনে হয়েছে, তিনি যেন কথা বলছেন ডুগি-তবলার টোকায়। শুধু মনে হওয়াই নয়, তবলার বোল দিয়ে যে কথাও বলা যায়, সেটা তো তিনি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে দেখিয়েও দিলেন। ‘ধা ধিন ধিন ধা’, ‘ধা তেরে কেটে তা’ দিয়ে যেকোনো একটা কিছু বর্ণনা করা যায়, গল্প করা যায়, সেটা তো উপস্থিত দর্শকেরা ভালোভাবেই টের পেয়েছেন। শুধু দুই ঘণ্টার জন্য গুটিকয়েক মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখাই নয়, হয়তো ওই তবলার তালে তালে আরও অনেক কিছু বলে গেছেন ওস্তাদ জাকির হোসেন। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে চার দশক পার করেছি বলে আমাদের হয়তো অভিনন্দন জানিয়েছেন কিংবা হয়তো জানতে চেয়েছেন, ৪০ বছর পর আমরা স্বাধীনতা পাচ্ছি তো? ভালোভাবে বেঁচে আছি তো?