‘বাহিনী’ টেলিছবিতে সোহান খান ও টয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকশনধর্মী টেলিছবি ‘বাহিনী’তে অভিনয় করলেন এ প্রজন্মের অভিনেতা সোহান খান। সঙ্গে ছিলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার টয়া। রচনা করেছেন ফারজানা আফরিন। পরিচালনা ইফতেখার চৌধুরী। ১৫ জুলাই থেকে চার দিনব্যাপী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং সম্পন্ন হয়।নাটকের গল্পে দেখা যাবে, সন্ত্রাসী একটি পরিবারে জন্ম সোহান খানের। কিন্তু সন্ত্রাস পছন্দ না সোহানের। সে এসব ছেড়ে দিতে চায়। একজন স্বাভাবিক মানুষ হয়ে জীবনযাপন করতে চায়। বাধা হয়ে দাঁড়ায় নিজের বড় ভাই সোহেল খান। ছোট ভাইকে কোনোভাবে মানাতে না পেরে তাকে মেরে ফেলার আদেশ দেয়। অলৌকিকভাবে বেঁচে যায় সোহান। কিন্তু বিষয়টি গোপন থাকে। এ সময় পরিচয় হয় টয়ার সঙ্গে। টয়াকে বিয়ে করে স্বাভাবিক জীবন শুরু করে সোহান। বাধা হয়ে দাঁড়ায় আবার বড় ভাই সোহেল খান। বাধ্য হয়ে অস্ত্র তুলে নেয় সোহান। শুরু হয় দুই ভাইয়ের লড়াই। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে টেলিছবি ‘বাহিনী’র। টয়া বলেন, ‘পুরোপুরি ভিন্নধারার একটি টেলিছবিতে কাজ করলাম। এই প্রথম পুরোপুরি অ্যাকশনধর্মী একটি কাজ করলাম।’বাহিনী টেলিছবিটি ২২ জুলাই শুক্রবার বেলা তিনটায় দেখানো হবে চ্যানেল আইয়ে।